দেশ স্বাধীন হয়েছে ৪৮ বছর হলো। এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই সোনার বাংলায় স্বাধীনতার ফসল জনগণ কতটুকু ভোগ করছে, সব নাগরিকের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত হওয়ার কথা কিন্তু তার কতটুকু বাস্তবায়িত হয়েছে? দেশের মানুষ এখন স্বাধীন মত প্রকাশেও শংকা বোধ করে, ন্যায্য মতামত ক্ষমতাবানদের বিপরীত হলেই শাসক গোষ্ঠী রুষ্ট। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধায় কৃষক শ্রমিক জনতা লীগের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এসব কথা বলেন।
গাইবান্ধা পৌর শহীদ মিনারে আয়োজিত সম্মেলনে কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ সরকারকে সমর্থন করি না সেই সাথে বিএনপির বাঁদরামিকেও সমর্থন করি না। শেখ হাসিনার তলা ফাটা নৌকার সরকারই শেষ সরকার নয়। বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ নয় তার দল কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আওয়ামী লীগ শেখ হাসিনার দল হতে পারে। তিনি বলেন, গত নির্বাচনে ভোট চুরি না করলে আওয়ামী লীগের জয়ের সম্ভাবনা হয়তো পরে থাকতে পারতো। কিন্তু শেখ হাসিনা ভোটের আগের রাতে ভোট চুরির ব্যবস্থা করে কেয়ামত পর্যন্ত নৌকার জয়ের সম্ভাবনা নিজেই নষ্ট করে দিয়েছেন। কাদের সিদ্দিকী বলেন, রাজনীতির নামে মানুষকে অপদস্থ করা হচ্ছে কিন্তু কৃষক শ্রমিক জনতা লীগ মানুষের উপর দাপট খাটায় না, লুট তরাজ করে না - মানুষের সেবা করে।
সংগঠনের জেলা সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা বীর প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। সম্মেলন শেষে অ্যাড. মোস্তফা মনিরুজ্জামানকে সভাপতি ও আবু বক্কর সিদ্দিককে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।