সালজবার্গ সফরে সহজ জয় তুলে নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’ নিশ্চিত করেছে। আরেক ইংলিশ ক্লাব চেলসিও গ্রুপ-এইচ’র দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে। তবে এই গ্রুপ থেকে হতাশাজনক ভাবে বিদায় নিয়েছে গত আসরে দুর্দান্ত খেলা আয়াক্স। গ্রুপের শেষ ম্যাচ থেকে মঙ্গলবার রাতে ছয়টি দল নক আউট পর্ব নিশ্চিত করেছে। তবে বড় ক্লাব হিসেবে গ্রুপ পর্ব থেকেই এবার বিদায় নিয়েছে আয়াক্স ও ইন্টার মিলান। ইউরোপের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে গ্রুপ পর্বের বাঁধা পার করতে অস্ট্রিয়া সফরে জার্গেন ক্লপের দলের শুধুমাত্র ড্র করলেই চলতো। তবে দ্বিতীয়ার্ধে মাত্র এক মিনিটের ব্যবধানে দুই গোল করে লিভারপুল ২-০ গোলে জয়ী হয়ে নক আউট পর্বে উঠেছে। ৫৭ ও ৫৮ মিনিটে গোলদুটো করেছেন নেবি কেইটা ও মোহাম্মদ সালাহ। ৫৭ মিনিটে সাদিও মানের ক্রস থেকে কেইটা হেড দিয়ে তার সাবেক ক্লাবের বিপক্ষে লিভারপুরকে এগিয়ে দেন। পরের মিনিটে সালাহ দুর্দান্ত শটে সালজবার্গ গোলরক্ষক সিসান স্টানকোভিচকে পরাস্ত করেন। এই জয়ে গ্রুপ-জি’র শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে লিভারপুল। দ্বিতীয় দল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে নাপোলি। তৃতীয় স্থানে থাকা সালজবার্গকে এখন খেলতে হবে ইউরোপা লিগে। ম্যাচ শেষে ক্লপ বলেছেন, ‘দলের পারফরমেন্সে আমি দারুন খুশী। ম্যাচটা দারুন কঠিন ছিল। কিন্তু আমরা দুটি দুর্দান্ত গোল করেছি। যদিও আমরা ছয় থেকে সাতটা গোল করতে পারতাম। তারপরেও আমরা ম্যাচ জিতেছি, গ্রুপের শীর্ষ দল হিসেবেই আমরা পরের রাউন্ডে গিয়েছি।’ গ্রুপের আরেক ম্যাচে জেঙ্ককে ৪-০ গোলে পরাজিত করে নাপোলি নক আউট পর্ব নিশ্চিত করলেও চাকুরি হারাতে হয়েছে দলীয় কোচ কার্লো আনচেলত্তিকে। ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করেছেন নাপোলির পোলিশ এ্যাটাকার আরকাদিসুজ মিলিক। স্পট কিক থেকে বাকি গোলটি করেছেন ড্রিয়েস মার্টিনস। গ্রুপ-এইচ’এ ঘটেছে নাটকীয় ঘটনা। অ্যামাস্টারডামে আয়াক্সকে ১-০ গোলে পরাজিত করে শীর্ষ দল হিসেবে নক আউট পর্ব নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়া। এই পরাজয়ে গতবারের সেমিফাইনালিস্টদের ঘরের মাঠ থেকে গ্রুপ পর্বেই বিদায় নিশ্চিত হলো। এবারের মৌসুমেও প্রথম থেকেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে আয়াক্স। কিন্তু ফ্র্যাংক ল্যাম্পার্ডের তরুন চেলসির কাছে গ্রুপের দুটি ম্যাচেই পরাজিত হয়ে এগিয়ে যেতে পারেনি আয়াক্স। লিলিকে ২-১ গোলে পরাজিত করে ডাচ জায়ান্টদের থেকে এক পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে উঠেছে ব্লুজরা। চেলসির হয়ে প্রথমার্ধেই দুই গোল করেছেন টামি আব্রাহাম ও সিজার আজপিলিকুয়েটা। লিলির হয়ে ৭৮ মিনিটে এক গোল পরিশোধ করেন লোয়িক রেমাই। ভ্যালেন্সিয়ার সাথে সমান পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করে ২০১২ চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী চেলসি। তবে হেড-টু-হেড রেকর্ডে এগিয়ে থেকে শীর্ষস্থান নিশ্চিত করেছে ভ্যালেন্সিয়া।