গ্রামের সাধারণ মানুষগুলো সিরাজকে উকিল বলেই জানে। তাদের ধারণা সে মস্ত বড় উকিল, তার এক কথায় অনেক কিছু পাল্টে যেতে পারে। ফৌজদারি মামলা থেকে আরম্ভ করে সবকিছু সে একাই করে। অথচ বাস্তবে কোর্টের চৌকাঠা পর্যন্ত যেতে পারে না। এক উকিলের সঙ্গে কিছুদিন মুহুরীর কাজ করে সেখান থেকে যে জ্ঞানার্জন করেছে তা দিয়েই সে মানুষের সঙ্গে ঠকবাজি করে যায়। গ্রামের সবাই তাকে বাঘের মতো ভয় পেলেও সে বাসায় ভেজা বেড়ালের মতো থাকে। কারণ সিরাজ শ্বশুর বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা পণ নিয়ে বিয়ে করেছে। এজন্য স্ত্রীর সঙ্গে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে তর্কাতর্কি হয়ে থাকে। মিথ্যা কথা দিয়ে সবাইকে সান্ত¡না দিতে পারলেও স্ত্রীর কাছে তাকে পরাজয় মানতে হয়। তবে স্ত্রীকে সে অনেক ভালোবাসে। সিরাজের ভ-ামিতে অতিষ্ঠ হয়ে তার স্ত্রী বাবার বাড়ি চলে যেতে চায়। কারণ স্ত্রী মনে করে মানুষের অভিশাপে তাদের ঘরে কোনো সন্তান হচ্ছে না। সিরাজ তার স্ত্রীকে সান্ত¡না দেয় ডাক্তারের কাছে নিয়ে যাবে বলে। প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে যাবে। সে তার ঠকবাজির ভুল ব্যাখ্যা দিয়ে বলে যা করছি সব তো তোমাদেরই জন্য করছি। এমন নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে ‘মামলাবাজ’ নাটকের গল্প। রাজীব মণি দাস রচিত এ নাটক পরিচালনা করেছেন হারুন রুশো। এতে ঠকবাজ উকিলের চরিত্রে অভিনয় করেছেন আ খ ম হাসান। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাবাসুম মিথিলা, বিপ্লব প্রসাদ, আফরোজা হোসেন, জাদু ফরিদ, আফতাব উদ্দিন প্রমুখ। স্বপ্নের কারিগরের ব্যানারে এ নাটকের চিত্রগ্রহণে ছিলেন হাসানুজ্জামান রাজীব। প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন মীর সাখাওয়াত। সম্পাদনায় মমিন সরকার। মিডিয়া পাড়া নিবেদিত নাটকটি প্রযোজনা করেছেন রাজীব মণি দাস ও মমিন সরকার। খুব শিগগির বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে এ নাটক প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা হারুন রুশো।