সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত বিশ্রামে। লড়াইটা তাই ছিল আক্ষরিক অর্থেই দুটি অনূর্ধ্ব-২৩ দলের। সেখানে দুই দেশের ক্রিকেটের ব্যবধানটাই যেন বুঝিয়ে দিল শ্রীলঙ্কা। ব্যাটে-বলে তারা পাত্তাই দিল না বাংলাদেশকে। এসএ গেমসের ছেলেদের ক্রিকেটের ফাইনালের পোশাকি মহড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল। জিতেছে ৯ উইকেটে। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে রোববার বাংলাদেশ ২০ ওভারে করেছিল ৬ উইকেটে ১৫০ রান। লঙ্কানরা জিতেছে ২৩ বল বাকি রেখে। শান্ত না থাকায় এই ম্যাচে দলকে নেতৃত্ব দেন সাইফ হাসান। টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল দল। সাইফ বিদায় নেন দ্বিতীয় ওভারেই। বাংলাদেশের ভোগান্তির শুরু সেখান থেকেই। এরপর মোহাম্মদ নাঈম শেখ ও আফিফ হোসেনও বিদায় নেন দ্রুত। পঞ্চম ওভারে বাংলাদেশের রান হয়ে যায় ৩ উইকেটে ২১। সেই বিপর্যয় থেকে দলকে এগিয়ে নেন মাহিদুল ইসলাম অঙ্কন ও ইয়াসির আলি চৌধুরি। চতুর্থ উইকেটে ৬৬ বলে ৮০ রানের জুটি গড়েন দুজন। ৪টি চার ও ২ ছক্কায় ৩৮ বলে ৪৪ করে ফেরেন অঙ্কন। ৫ চার ও ১ ছক্কায় ৪৫ বলে ৫১ রান আসে ইয়াসিরের ব্যাট থেকে। শেষ দিকে জাকির হাসান ১৭ বলে করেন ২০ রান। বাংলাদেশের রান স্পর্শ করে দেড়শ। তবে সেই পুঁজিতে লড়াইও করতে পারেনি বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারে বাঁহাতি পেসার মেহেদি হাসান রানা ফিরিয়ে দিয়েছিলেন নিশান মাদুশকাকে। বাংলাদেশের বোলারদের সাফল্য শেষ ওখানেই। দ্বিতীয় উইকেটে ১৩৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে শ্রীলঙ্কাকে জিতিয়ে দেন পাথুম নিসানকা ও লাসিথ ক্রুপসপুল। বাংলাদেশের কোনো বোলারই আটকাতে পারেননি ২১ বছর বয়সী দুই লঙ্কানকে। ৫২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন নিসানকা। ৪১ বলে ৭৩ রানের অপরাজিত ইনিংসে ম্যাচের সেরা ক্রুপসপুল। সোমবার ফাইনালে সোনার পদকের লড়াইয়ে নামবে এই দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ২০ ওভারে ১৫০/৬ (নাঈম ৬, সাইফ ৪, অঙ্কন ৪৪, আফিফ ৬, ইয়াসির ৫১, জাকির ২০*, মেহেদি ৮; আসিথা ৪-০-২৯-২, কাভিশকা ৪-০-২৯-২, ড্যানিয়েল ৪-১-২২-১, সাচিন্দু ৪-০-২৭-০, পেইরিস ২-০-২৪-০, আশান ২-০-১৩-০)।
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩: ১৬.১ ওভারে ১৫১/১ (নিসানকা ৬৭*, মাদুশকা ৬, ক্রুপসপুল ৭৩* ; সুমন ২-০-১৩-০, মেহেদি রানা ৩-০-৪৪-১, মেহেদি ৩.১-০-১৫-০, তানভির ৩-০-২৬-০, আফ্রিদি ৩-০-২৮-০, আফিফ ১-০-১৪-০, সাইফ ১-০-১১-০)।
ফল: শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২৩ দল ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: লাসিথ ক্রুপসপুল