হাসপাতাল থেকে সুস্থ হয়ে ঘরে আর ফেরা হলো না তার। লাইট ক্যামেরা অ্যাকশন নিয়ে মেতে থাকা মানুষটি চলে গেলেন না ফেরার দেশে। বৃহস্পতিবার রাত ১২টার পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনন্দ অশ্রু, হাজার বছর ধরে, শ্রাবণ মেঘের দিন, ঘেটুপুত্র কমলা, আগুনের পরশমণিসহ অসংখ্য জনপ্রিয় সিনেমার চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। ওঁর স্ত্রীর ভাইয়ের ছেলে আসিফ রহমান জানান, শুক্রবার বাদ জুমা চকবাজারের শাহী মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহি সদস্য চিত্রনায়ক জয় চৌধুরী জানালেন, বিকেল ৩টায় শেষ শ্রদ্ধা জানাতে এফডিসিতে নেওয়া হবে মাহফুজুর রহমান খানের মরদেহ। এরপর আজিমপুর কবর স্থানে তাকে সমাহিত করা হবে। গত ২৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। অনেকদিন ধরে ডায়াবেটিস ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন তিনি। মাহফুজুর রহমান খান চলচ্চিত্রের চিত্রগ্রহণের জন্য দশবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। মাহফুজুর রহমান প্রখ্যাত চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চুর শিষ্য। তিনি তার অধীনে সহকারী চিত্রগ্রাহক হিসেবে ১৯৭০ সালে দর্প চূর্ণ ও ১৯৭১ সালে স্বরলিপি চলচ্চিত্রে কাজ করেন। প্রধান চিত্রগ্রাহক হিসেবে তার প্রথম কাজ ১৯৭২ সালের আবুল বাশার চুন্নু পরিচালিত ‘কাঁচের স্বর্গ’।