এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : ময়মনসিংহের গফরগাঁও থানা, পাগলা থানা এবং কাওরাইদ রেলওয়ে শ্রীপুর থানা তিন মোহনাকে কেন্দ্র করে ঘটনা আর সীমানা নিয়ে অস্থিরতা মধ্যে দিয়ে ২৪ ঘন্টা পর অবশেষে এক অজ্ঞাতনামা নারীর (৩৫) ভাসমান লাশ উদ্ধার করেছে পাগলা থানা পুলিশ। গত বুধবার আন্তঃনগর যমুনা ট্রেনের সাথে ৬.২৮ মিনিটের সময় ধাক্কা খেয়ে ব্রীজের নিচে পড়ে গেলে সকাল বেলায় খবর পেয়ে পাগলা থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েও মরদেহ উদ্ধারে কোনো কাজ করেনি বলে জানা যায়।
জানা যায়, থানা পুলিশ ও রেলওয়ে পুলিশের ঘটনা সংশ্লিষ্টতা নিয়ে দ্বন্ধে নদীর পাড়েই দীর্ঘ সময় পড়ে ছিল অজ্ঞাতনামা নারীর এ মরদেহ। গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ- গয়েশপুর বাজারের পাশে সুতিয়া রেল সেতুর নিচে এ নারীর মরদেহটি পড়ে ছিল। থানা পুলিশ রেলওয়ে পুলিশের ওপর দায় চাপিয়ে চলে যাওয়ার কিছুক্ষন পরই রেলওয়ে পুলিশ থানা পুলিশের ওপর একই ভাবে দায় চাপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ নিয়ে স্থানীয়রা পুলিশের দায়িত্বে ক্ষোভ প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরবেলা সুতিয়া রেলসেতু দিয়ে ওই নারী শ্রীপুরের কাওরাইদ বাজার থেকে গফরগাঁও উপজেলার গয়েশপুর বাজারে পাড়ি দিতে গেলে আন্তঃনগর যমুনা ট্রেন চলে আসে। এই সময় ওই নারী দ্রুত সেতুর নিচে পাটাতনে আশ্রয় নেয়। পরে সকালে সুতিয়া নদীর পানিতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পাগলা থানা পুলিশকে খবর দেয়। কাওরাইদ রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, সকালে সুতিয়া নদীতে ওই নারীর লাশ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়। তারা এসে রেলওয়ে সংশ্লিষ্ট ঘটনার সাথে সম্পৃক্ততা না পেয়ে থানা পুলিশকে খবর দেন। পরে সন্ধ্যার পাগলা থানা পুলিশ ঘটনাস্থল হতে ওই নারীর লাশ উদ্ধার করে।
পাগলা থানার ওসি মোঃ শাহিনুজ্জামান খান বলেন, অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে ময়মনাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।