লাক্স তারকা অভিনয়শিল্পী ঈশানা খান। চলতি বছরের জুলাইয়ে অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তারপর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি জমান এই অভিনেত্রী। এরপর কেটে গেছে প্রায় পাঁচ মাস। কিন্তু নতুন কোনো নাটক-টেলিফিল্মে দেখা যায়নি ঈশানাকে। এবার বিরতি ভেঙে ‘মন দরজা’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফিরলেন তিনি। আকিদুল ইসলাম রচিত এ ধারাবাহিক নাটকের শুটিং অস্ট্রেলিয়াতে হচ্ছে। এটি পরিচালনা করছেন লিটু করিম। ঈশানা খান বলেন, ‘আমার স্বামীর উৎসাহে এ নাটকে অভিনয় করছি। বিয়ের পর এটাই আমার প্রথম নাটক। নতুন পরিবারে এসেও সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছি, সাপোর্ট পাচ্ছি। সবাই খুব আন্তরিকভাবে আমার কাজকে উৎসাহ দিচ্ছেন। এ ছাড়া অনেক দিন পর সহকর্মীদের পেয়ে ভীষণ ভালো লাগছে।’ এ নাটকে আরো অভিনয় করছেনÑনাদিয়া আহমেদ, মাজনুন মিজান, নিলয় আলমগীর প্রমুখ। অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ চলছে। এর আগে নতুন সংসার ও প্রবাস জীবন নিয়ে অস্ট্রেলিয়া থেকে এ অভিনেত্রী বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রবাস জীবন এবং নতুন জীবন দুটোই ভালো কাটছে।’
ঈশানার বর সারিফ অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কে (এনবিএন) নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। তবে বাংলাদেশে থাকাকালীন চ্যানেল ওয়ান, আরটিভি ও এটিএন বাংলায় নিয়মিত উপস্থাপনা করতেন। পরবর্তী সময়ে মডেল হিসেবেও বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করেন। শুধু তাই নয়, কয়েকটি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন সারিফ।