দিনাজপুরের নবাবগঞ্জে খাবারে বিষক্রিয়ায় এক পরিবারের ৩ জন হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া (৯) নামে ৩য় শ্রেণির ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ৭নং দাউদ ইউনিয়নের কাদিরাপাড়া গ্রামের সোলেমান আলীর কন্যা।এলাকাবাসী সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুমাইয়া ও তার বাবা সোলেমান এবং তার মা রুলি বেগম সকালের খাবার খেয়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়। পরে তাদেরকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদী জানান- হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের আশঙ্কাজনক অবস্থা হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। নিহতের পরিবার সুত্রে জানা যায়- দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সুমাইয়ার মৃত্যু হয়। তবে কিভাবে বিষক্রিয়ায় তারা আক্রান্ত হলেন সে বিষয়ে কেউ নিশ্চিত করতে পারে নাই। এ বিষয়ে এলাকায় বিভিন্ন গুঞ্জন চলছে।