মোবাইল কোর্ট পরিচালনা করে খাদ্যে ভেজাল প্রতিরোধ সম্ভব নয়, এ জন্য জনসচেতনার ওপর জোর দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এ ব্যাপারে খাদ্যমন্ত্রী বলেন, ভেজাল খাদ্য নিয়ে যত কথা আর মোবাইল কোর্ট পরিচালনা করা হোক না কেন এতে সমস্যার সমাধান হবে না। খাদ্যে ভেজাল মেশানো অনৈতিক কাজ। জনগণকে এ বিষয়ে সজাগ থাকতে হবে। খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির তৃতীয় বৈঠকের কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত কমিটির চতুর্থ বৈঠকে ওই কার্যবিবরণী অনুমোদন দেয়া হয়। এ সময় মন্ত্রী পাঠ্যপুস্তকের প্রচ্ছদে ভেজালবিরোধী ছবি সংযুক্ত করার প্রস্তাব করেন। এছাড়াও খাদ্যে ভেজাল বন্ধের সচেতনতার বৃদ্ধির জন্য প্রত্যেক শ্রেণিতে শিক্ষকদের মাধ্যমে এক মিনিট বক্তব্য দেওয়ার সুপারিশ করেন।
উক্ত বৈঠকে কমিটির সদস্য নুরুল ইসলাম নাহিদ বলেন, খাদ্যে ভেজাল ভয়াবহ আকার ধারণ করেছে। এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তাই ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
কমিটির আরেক সদস্য আতিউর রহমান আতিক বলেন, অসাধু ব্যবসায়ীরা দুধে পানি এবং অসৎ কৃষকরা সবজিতে বিষ মিশিয়ে থাকে। তাই ভেজাল বন্ধে খাদ্য, কৃষি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের ওপর জোর দেন তিনি।