কলকাতার মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের গুণী অভিনেতা কৌশিক সেনের পুত্র ঋদ্ধি সেন। বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন ২১ বছর বয়েসি ঋদ্ধি। এবার টলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন ঋদ্ধি সেন। পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত তার তৃতীয় সিনেমার কাজ শুরু করেছেন। ‘বিসমিল্লাহ’ নামে এ সিনেমায় দেখা যাবে শুভশ্রী-ঋদ্ধিকে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। হঠাৎ ঋদ্ধি-শুভশ্রীকে জুটি বানানো প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘রাজ চক্রবর্তীর ‘পরিণীতা’ সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিক করার সময় শুভশ্রীর অভিনয় দেখে অবাক হয়েছিলাম। সিনেমাটিতে শুভশ্রীর অভিনয় অনবদ্য লেগেছিল। সেখান থেকেই শুভশ্রীকে কাস্ট করার সিদ্ধান্ত নিই। তা ছাড়া এই সিনেমায় ঋদ্ধির বিপরীতে এমন একজন নায়িকা দরকার ছিল যে ভালো অভিনেত্রী, সঙ্গে অসম্ভব গ্ল্যামারাস। দুটো ক্রাইটেরিয়াই শুভশ্রী ফুলফিল করছেন। তাই ঋদ্ধির বিপরীতে শুভশ্রীকে কাস্ট করেছি।’’ পরিচালকের এমন সিদ্ধান্ত চমক তৈরির জন্য কিনা? জবাবে এই নির্মাতা বলেন, ‘‘আমার ‘কেদারা’ সিনেমা যারা দেখেছেন তারা নিশ্চয়ই এটা বলবেন, আমি চমকের রাস্তায় হাঁটার মানুষ নই। আমার সিনেমার জন্য যে সবচেয়ে উপযুক্ত, আমি তাকেই কাস্ট করব। সিনেমার দুটি চরিত্রের জন্য ঋদ্ধি-শুভশ্রী ছাড়া কাউকে ভাবতে পারছি না।’’ এ সিনেমায় কাজ করতে পেরে উচ্ছ্বসিত শুভশ্রী। তার ভাষায়, ‘সিনেমার গল্প আমার খুব ভালো লেগেছে। আমি আইডি আর পদ্মনাভদাকে অভিনন্দন জানাতে চাই, এত ভালো একটা চিত্রনাট্যের জন্য। আর আইডিকে ধন্যবাদ জানাতে চাই ফাতিমার মতো এত ভালো চরিত্র আমাকে অফার করার জন্য। আমি এখন যে ধরনের কাজ করতে চাইছি, তাতে ফাতিমা ডেফিনিটলি অ্যাড-অন করবে। সিনেমাটিতে আরো যারা কাজ করছেন তারা সবাই আমার খুব প্রিয়। তাদের সঙ্গে কাজ করার জন্য আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। বিশেষ করে ঋদ্ধির বিপরীতে কাজ করতে আমার ভালোই লাগবে।’ অন্যদিকে ঋদ্ধি সেন বলেন, ‘‘শুভশ্রীদি ভীষণ দক্ষ এবং সিনিয়র অভিনেত্রী। তার সঙ্গে প্রথমবার কাজ করা ভীষণ এক্সাইটিং বিষয়। ‘বিসমিল্লাহ’ সিনেমার গল্প একটা ইমোশনাল জার্নি। এখানে চরিত্রের মননটা ধরা একজন অভিনেতার কাছে বড় চ্যালেঞ্জ। এ ছাড়া সিনেমায় বাদ্যযন্ত্র বাজানোর প্রয়োজন আছে। এজন্য খুব শিগগির ইন্দ্রদীপদার সঙ্গে ওয়ার্কশপ করব।’’ ঋদ্ধি-শুভশ্রী ছাড়াও এতে অভিনয় করবেনÑকৌশিক গাঙ্গুলি, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, লামা হালদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, ঋতব্রত মুখার্জি, সুরঙ্গনা ব্যানার্জি প্রমুখ। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। আগামী বছরের ২০ জানুয়ারি শুটিং শুরু হবে। ঝাড়খ- ও পুরুলিয়ায় শুটিং হওয়ার কথা রয়েছে।