দিনাজপুরের পার্বতীপুরে আমজাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে চার বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দুইজনকে আটক করে রোববার দুপুরে তাদের কোর্টে পেশ করা হয় এবং অভিযুক্ত পলাতক আমজাদ হোসেনকে গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে জানান পুলিশ।
গত শনিবার দিবাগত রাতে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের রঘুনাথপুর মধ্য ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার রাতেই শিশুর পিতা আরিফুল ইসলাম বাদী হয়ে আমজাদ হোসেনসহ ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
একই এলাকার আমিনুল ইসলামের ছেলে আমজাদ হোসেন (২২) শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছেন বলে ওই শিশুর পরিবারের অভিযোগ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পার্বতীপুরের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের আরিফুল ইসলামের চার বছরের মেয়ে আবিদা সুলতানা মীমসহ বন্ধুরা শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল। এরপর অনেক খোঁজা খুঁজির পর মীমকে না পেয়ে এলাকায় মাইকিং করে তার পরিবার। পরে প্রতিবেশী আমিনুল ইসলাম আমিনের বাড়ি তালাবদ্ধ দেখে পরিবারের সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে রাত ৯টার দিকে বাড়ির তালা ভেঙে ঘরে টেবিলের নিচে শিশুটিকে অজ্ঞান দেখতে পায়। তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পার্বতীপুর থানার ওসি মোখলেসুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সন্ধ্যায় পার্বতীপুরের রঘুনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুল ইসলাম আমিনের বাড়ি থেকে ওই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবক মিমকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরের নিয়ে যায়। এ ঘটনায় রাতেই ওই শিশুর পিতা আরিফুল ইসলাম বাদী হয়ে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় শাহিনুর ইসলাম ও মমেনা বেওয়া নামে দুইজনকে আটক করা হয় এবং রোববার দুপুরে কোর্টে তাদের পেশ করা হয়েছে।