বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের সাথে একযোগে বরিশালেও শুরু হয়েছে নৌ-যান শ্রমিকদের কর্মবিরতী। প্রতিদিন বরিশাল লঞ্চ টার্মিনাল থেকে অভ্যন্তরীণ ১১টি রুটে প্রায় ৫০টি লঞ্চ যাতায়াত করলেও শনিবার সকাল থেকে নদী-বন্দর থেকে অভ্যন্তরীণ রুটের কোন লঞ্চ ছেড়ে যায়নি।
অপরদিকে প্রতিদিন ঢাকা টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে প্রায় ২৫টি লঞ্চ ছেড়ে আসে। একইভাবে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। কর্মবিরতীর কারণে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দূর্ভোগে পরেছে নদী বেষ্টিত বরিশাল অঞ্চলের সাধারণ যাত্রীরা। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ঘোষণা অনুযায়ী শুক্রবার মধ্যরাত ১২ টা এক মিনিট থেকে শুরু হয় কর্মবিরতী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৬ সালের গেজেট অনুযায়ী বেতন প্রদান, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি, ডাকাতি বন্ধ, নিয়োগপত্র প্রদান, দূর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারন, ভারতীয় শ্রমিকদের ল্যান্ডিং পাশ প্রদান, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন ও সকল প্রকার শ্রমিক হয়রানি বন্ধ, মালিক কর্তৃক সকল নৌ-শ্রমিকদের খাদ্য ভাতা প্রদানসহ ১১ দফার দাবি বাস্তবায়নে এই কর্মবিরতী চলছে। তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে নৌ-যান শ্রমিকরা।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল শাখা ও লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত শ্রমিকরা পূর্বঘোষিত কর্মসূচীর অংশহিসেবে বরিশাল নৌ-বন্দর থেকে সকল ধরনের নৌ-যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। একারণে বরিশাল বন্দর পল্টুন থেকে যাত্রীবাহি লঞ্চগুলো মাঝ নদীতে সরিয়ে নেয়া হয়।