নগরীর একটি আবাসিক হোটেলে পরকীয়া প্রেমিকার (২৮) সাথে রাত কাটাতে গিয়ে সোহরাব হোসেন সিকদার (৪৫) নামের এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহরাব হোসেনের পকেট থেকে যৌণ উত্তেজক ট্যাবলেট উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে পুলিশ ও চিকিৎসকরা ধারণা করছেন যৌণ উত্তেজক ট্যাবলেট সেবন করায় অতিমাত্রায় রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহরার মারা গেছেন। শনিবার সকালে লাশের ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত সোহরাব হোসেন সিকদার বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া গ্রামের মৃত রুস্তুম আলী সিকদারের পুত্র। সে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার সকালে কোতয়ালি মডেল থানার এসআই নাজমুল হুদা জানান, নগরীর পোর্ট রোডের আবাসিক হোটেল গ্রান্ড প্লাজায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পরেন সোহরাব। রাতেই তার প্রেমিকা ও হোটেলের লোকজন তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আবাসিক হোটেলের ম্যানেজার জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী পরিচয়ে এক নারীকে সাথে নিয়ে সোহরাব হোসেন সিকদার হোটেলে ওঠেন।
পুলিশ জানায়, সোহরাব হোসেনের সাথে থাকা ওই নারী জিজ্ঞাসাবাদে জানান, তিনি সোহরাবের শালার স্ত্রীর বান্ধবী। প্রায় আড়াই বছর আগে মোবাইল ফোনে সোহরাবের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোহরাব বিবাহিত ও তিন সন্তানের জনক জেনেও তার সাথে সম্পর্ক করেছেন। কোতয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আসাদ জানান, মৃত্যুর পর সোহরাব হোসেনের পকেটে যৌণ উত্তেজক ওষুধ পাওয়া গেছে। চিকিৎসকদের ধারণা যৌন উত্তেজক বড়ি সেবন করায় অতিমাত্রায় উচ্চ রক্তচাপের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সোহরাবের মৃত্যু হয়ে থাকতে পারে।