পড়াশোনার পাশাপাশি গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ফাতিমা তুয যাহরা ঐশী। গুণী শিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সুর ও সংগীতে আবারো নতুন একটি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী। ‘বিনা মেঘে বৃষ্টি এলে/কাকে খোঁজ সাতপাঁচ ভুলে’ শিরোনামে গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। কয়েকদিন আগে গানটির রেকর্ডিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে ঐশী বলেন, ‘এর আগে বাপ্পা দার সঙ্গে দ্বৈত গান গেয়েছি। কয়েকটি প্রজেক্টেও তার সুর ও সংগীতে কাজ করেছি। এবার আমার জন্য খুব সুন্দর একটি গান তৈরি করেছেন। আমাকে ভেবে, আমার পারফরম্যান্সের কথা চিন্তা করেই গানটি তৈরি করেছেন দাদা। গানটিতে একদম অন্য এক ঐশীকে খুঁজে পাবেন শ্রোতারা। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে।’ দীর্ঘ চার বছর পর ঐশী প্রকাশ করতে যাচ্ছেন ‘ঐশী এক্সপ্রেস ২’। এতে নতুন এই গানটি রাখার পরিকল্পনা রয়েছে। গানটি নিয়ে মিউজিক ভিডিও নির্মিত হবে বলে জানিয়েছেন ঐশী। ২০০২ সালে এনটিভিতে প্রচারিত ‘শাপলা কুড়ি’ অনুষ্ঠানে অংশ নেন ঐশী। এতে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন তিনি। তারপর ঐশী প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। তার অন্যান্য অ্যালবামগুলো হলোÑ‘মায়া’, ‘হাওয়া’, ‘চোখের বাড়ি’ ও ‘দেহবাজি’।