পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পূর্ণশক্তির দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। ডিসেম্বরে হতে যাওয়া এই সিরিজ দিয়েই এক দশকের বেশি সময় পর পাকিস্তানের মাটিতে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে কোনো টেস্ট ম্যাচ হয়নি। এবার সেই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই দেশটিতে ফিরতে যাচ্ছে টেস্ট ক্রিকেট। আগামী ৮ ডিসেম্বর পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে শ্রীলঙ্কা। ১১ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৯ ডিসেম্বর, করাচিতে। দুটি ম্যাচই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দিমুথ করুনারতেœর নেতৃত্বাধীন ১৬ সদস্যের দলে রয়েছেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস ও দিনেশ চান্দিমাল। তিন মাসেরও কম সময় আগে সীমিত ওভারের ক্রিকেট খেলতে পাকিস্তান সফর করেছিল শ্রীলঙ্কা। নিরাপত্তা শঙ্কায় ওই সফরের দলে ছিলেন না দেশটির শীর্ষ দশ ক্রিকেটার। নিরাপত্তা শঙ্কার কারণেই সিরিজটি প্রথমে গত অক্টোবরে হওয়ার কথা ছিল, নিরপেক্ষ ভেন্যুতে। তবে সীমিত ওভারের সিরিজ সফলভাবে শেষ হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড টেস্ট সিরিজও তাদের মাটিতে খেলতে শ্রীলঙ্কা অনুরোধ করে। দ্বীপ দেশটিও তাতে সস্মতি দেয়। গত অগাস্টে সবশেষ টেস্ট খেলেছিল শ্রীলঙ্কা, নিউ জিল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় টেস্টের সেই দলে পরিবর্তন মাত্র একটি। স্পিনার আকিলা দনাঞ্জয়া জায়গায় সুযোগ পেয়েছেন ডানহাতি পেসার কাসুন রাজিথা। অবৈধ অ্যাকশনের কারণে এক বছরের নিষেধাজ্ঞায় আছেন দনাঞ্জয়া। টেস্টের শ্রীলঙ্কা দল: দিমুথ করুনারতেœ (অধিনায়ক), ওশাদা ফার্নান্দো, কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলোম্যাথিউস, দিনেশ চান্দিমাল, কুসল পেরেরা (উইকেটকিপার), লাহিরু থিরিমান্নে, দনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, দিলরুয়ান পেরেরা, লাসিথ এম্বুলদেনিয়া, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা, লাকশান সান্দাক্যান।