দিনাজপুরের বীরগঞ্জে উচ্চ মূল্যে পেঁয়াজের সাথে সাথে যোগ হয়েছে আলু,চাল,ডাল,আটা-ময়দা ও ভোজ্যতেলের দাম। দ্রব্যমূল্যের এমন দাম বৃদ্ধিতে উদ্বেগ, উৎকণ্ঠায় নিম্ন মধ্য আয়ের মানুষ। সবমিলে দুর্বিষহ জনজীবন। বেশিরভাগ নিত্যপণ্যের দাম ধীরে ধীরে একসাথে বাড়ায় এর প্রভাব পড়েছে পণ্য বিক্রিতেও। বিক্রেতরাও হতাশা প্রকাশ করে বলছেন, সবকিছুর ক্রমবর্ধমান দাম বৃদ্ধিতে তাদের বিক্রিও ঠেকেছে তলানিতে। শুক্রবার বীরগঞ্জ পৌর বাজার ঘুরে দেখা যায়, পেঁয়াজের সাথে গত কয়েক দিন ধরেই দাম বেড়ে বিক্রি হচ্ছে চাল, আলু,ডাল,আটা-ময়দা ও ভোজ্যতেল। কোন কোন পণ্যে কেজিতে ১০থেকে ১০ টাকা পর্যন্ত বেশিতে বিক্রি হচ্ছে। মিলমালিক, আড়ৎদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা দুষছেন পরষ্পরকে আর সাধারণ ভোক্তারা পড়েছে বিপাকে। এসবের প্রভাবে কমেছে খুচরা পর্যায়ের বিক্রিও। বীরগঞ্জ বলাকা মোড়, পৌর হাটখোলা, আরিফ বাজার, উল্লাস সিনেমার সামনে ও দৈনিক বাজারে মানভেদে প্রতি কেজি আলু ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। যা কয়েদিন আগেও ছিল ২৪ থেকে ৩০ টাকা। বাজারে বিআর-২৮, ৪৯, কাটারিভোগ, মিনিকেসহ প্রায় সব চালেই কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা পর্যন্ত। ৬০ টাকা কেজির খেসারি ডাল বর্তমানে বেড়ে ৭৫ থেকে ৮০ এবং মুগ ডাল ১২৫/১৩০ থেকে বেড়ে প্রতি কেজি ১৩৫/১৪০ টাকায় বিক্রি হচ্ছে। প্যাকেটজাত ও খোলা উভয় প্রকার আটার কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা পর্যন্ত। আর গত কয়েক দিনের বব্যধানে ময়দার কেজিতে বেড়েছে ৮ টাকা পর্যন্ত। এছাড়াও গত কয়েক দিন ধরেই দাম বৃদ্ধির তালিকায় যোগ হয়েছে ভোজ্যতেল। প্যাকেটজ্যাতসহ খোলা সব ভোজ্যতেলেই দাম বেড়েছে। রূপচাঁদ ব্রান্ডের এক কেজির পরিমাণ ১০০ থেকে বেড়ে ১০৫ টাকা এবং ৫ লিটার ৪৮০ থেকে ৪৯০ টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও ফ্রেশ ব্যন্ডের প্রতি কেজিতেও বেড়েছে ৫ টাকা এছাড়াও বীরগঞ্জ পৌর দৈনিক বাজারে প্রতি কেজি বেগুন মানভেদে ৩০ থেকে ৪০, ছিম ৬০ থেকে ৭০, ফুলকপি ৪০, করলা ৮০, টমাটো ও নতুন আলু ৮০ থেকে ১০০, আদা ১৬০, রসুন ২০০ টাকা কজিতে দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ ২০০ থেকে ২২০, মুড়িকাটা ১৪০ থেকে ১৫০ বিক্রি হচ্ছে। বাজার করতে আসা ক্রেতাসাধারণরা বলছেন, বর্তমান বাজারের যে অবস্থা কী আর বলবো : একটা কিনতে অন্যটার টাকা হয়না, আবার প্রয়োজনীয় সব কিনতে গেলে চাহিদামতো সব কেনা যায়না। বাজার নিয়ন্ত্রণে আনতে বীরগঞ্জ প্রশাসনের মনিটরিং জরুরি বলে মনে করছেন ভোক্তা সাধারন।