বিরলে প্রায় ৫ মাস পূর্বে নবম শ্রেণি পড়ুয়া এক অপহৃতা ছাত্রীকে দ্রুত উদ্ধারের আকুতি জানিয়েছে তাঁর পিতা-মাতা। অপরদিকে অপহরণকারীর পরিবারের লোকজনের অব্যাহত হুমকিতে অপহৃত ভিকটিমের পরিবারের লোকজন দিশেহারা হয়ে পরেছে।
বিরল পৌরশহরের ব্রম্মপুর গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক কন্যাকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বাড়ীর উঠান হতে গত ৬ জুন ২০১৯ তারিখ রাত আনুমানিক ১০ টায় একই গ্রামের ফারুক হোসেন এর পুত্র মোঃ ফাইম ইসলাম (১৮) তার সঙ্গীয় মৃত ওবায়দুর রহমানের পুত্র শাহিন (২৫), আবদুল হান্নানের পুত্র ফারুক হোসেন (৪৬), ফারুক হোসেন এর স্ত্রী সিদ্দিকা বেগম (৪২), সদর উপজেলার গোপালগঞ্জ গ্রামের বিশু মিয়ার পুত্র রাশেদ (২৫)সহ পূর্বপরিকল্পিতভাবে একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলযোগে তুলে নিয়ে জোর করে পালিয়ে যায়। মেয়েটিকে অপহরণ করে আত্মগোপনে থাকায় অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে না পাওয়ায় ১৫ জুন ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৭/৩০ ধারা মোতাবেক অপহৃতার পিতা বাদী হয়ে উল্লেখিতদের বিরুদ্ধে থানায় ১২ নং মামলা দায়ের করে। মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা আসামি রাশেদ, শাহীন ও ফারুকদেরকে আটক করে আদালতে সোপর্দ করে। আদালত হতে শাহিন ও রাশেদ জামিনে মুক্ত হয়ে অপহৃতার পিতাকে ২০ নভেম্বর বুধবার বিকাল ৫ টায় বালাপুকুর পানশিয়া দিঘীর পশ্চিমপাড়ে রাস্তায় ধুকুরঝাড়ী যাওয়ার পথে গতিরোধ করে ভয়ভীীত প্রদর্শন করে মামলা তুলে নেয়ার হুমকি প্রদান করে। এ সময় ভিকটিমের চিৎকারে পথচারীরা এগিয়ে আসলে অপহৃতার পিতা প্রাণে বেঁচে যায় এবং মামলা তুলে না নিলে মিথ্যা মামলায় ফাসাইয়া জেল হাজত খাটানোসহ সর্বশান্ত করার হুমকি প্রদর্শন করে হুমকিদাতারা পালিয়ে যায়। এরপরও অপহরণ মামলার আসামিরা আত্মগোপনে থেকে ভিকটিমের ক্ষতিসাধনসহ অপহৃতার পিতা ও পরিবারের লোকজনকে অব্যাহত হুমকি প্রদান করায় চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করতে হচ্ছে পরিবারটিকে বলে দাবী করেছেন উনারা। অপহরণকারী ফাইমসহ তার সহযোগীদের দ্রুত আটক করে অপহৃতাকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন অপহৃতার পিতা।