একদিকে বাজছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, অন্যদিকে উঠছে জাতীয় পতাকা। আর পুরস্কারের মঞ্চে দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন মাবিয়া আক্তার সীমান্ত। তিন বছর পেরিয়ে গেলেও ভারতে অনুষ্ঠিত গত এসএ গেমসের সেই দৃশ্য এখনও নাড়া দেয় দেশের মানুষের হৃদয়কে। দেশসেরা এই ভারোত্তোলক এবার টানা সোনা জিতবেন, এই প্রত্যাশা থাকতেই পারে। কিন্তু বাস্তবতার সঙ্গে প্রত্যাশা মেলাতে পারছেন না মাবিয়া। শুধু নিজের সেরাটা দিতে পারলেই খুশি তিনি। তিন বছর আগে সোনা জিতেছেন। এরপর আরও পরিণত হয়েছেন মাবিয়া। কিন্তু আত্মবিশ্বাসে ভাঁটা পড়েছে তার। কারণটা সোজাসাপ্টা জানালেন ২০ বছর বয়সী এই ভারোত্তোলক, ‘কীভাবে সোনা পাওয়ার আশা করবো বলুন! পদকের প্রত্যাশা তো সবাই করতেই পারে, কিন্তু সেটা জেতার জন্য যা যা দরকার সেটা তো পাইনি। একজন বিদেশি কোচ চেয়েও তা মেলেনি, উন্নত সুবিধা তো দূরের কথা। তিন বছর আগে যেভাবে অনুশীলন করতাম, এখনও সেভাবে করে থাকি। কিন্তু কোনও পরিবর্তন তো আসেনি।’ ভারতের ৬৩ কেজি ওজন শেণিতে স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৪৯ কেজি তুলে ২০১৬ সালে লাল-সবুজ পতাকা গায়ে দিয়েছিলেন মাবিয়া। এই কয়েক বছরে উন্নতিও কম করেননি। অনুশীলন কিংবা বিভিন্ন প্রতিযোগিতায় আগের চেয়েও বেশি ওজন তুলেছেন। তারপরেও আশাবাদী হতে পারছেন না মাবিয়া, ‘আমার পারফরম্যান্স আগের চেয়ে ভালো হচ্ছে। বিভিন্ন সময় আগের চেয়ে বেশি ওজন তুলতে পারছি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী যারা, সেই ভারত কিংবা শ্রীলঙ্কার ভারোত্তোলকরা আমার চেয়ে আরও এগিয়ে গেছে। তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন। তাই নিজের ক্যারিয়ার সেরা ওজন তুলতে পারলেই ভালো লাগবে। এখানে সোনা জেতাটা কঠিন হয়ে পড়বে। তারপরেও গতবারের মতো এবারও যদি বেদিতে উঠে জাতীয় সঙ্গীত গাইতে পারি, তাহলে অনেক ভালো লাগবে।’ এবার বদলে যেতে পারে মাবিয়ার ইভেন্ট। ৬৩ কেজির জায়গায় ৭৬ কেজিতে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে যেই ইভেন্টেই থাকুক না কেন, নিজের লক্ষ্যে অটুট থাকতে চাইছেন তিনি, ‘আমি আমার মতো করে চেষ্টা করে যাবো। যদি ক্যারিয়ার সেরা কিছু করতে পারি, তাহলে ভালো লাগবে। কিন্তু বাস্তব অনেক কঠিন। ইচ্ছে থাকলেও অনেক সময় অনেক কিছু সম্ভব হয়ে ওঠে না।’