দেশে বাংলাদেশ সিরিজ আয়োজনের সিদ্ধান্তে অটল পাকিস্তান। আগামী ডিসেম্বরে দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট সূচি চূড়ান্ত করেছে তারা। বাংলাদেশের বিপক্ষেও হোম সিরিজ নিজেদের মাঠে আয়োজনের সিদ্ধান্তে অটল থাকার কথা জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির এক মুখপাত্র জিও নিউজকে জানান, ‘হোম সিরিজের কোনও ম্যাচ বিদেশে না খেলার সিদ্ধান্তে আমরা অটল। বাংলাদেশের আসন্ন সফর উপলক্ষে আমাদের প্রাথমিক পরিকল্পনা তাদের (বাংলাদেশ ম্যানেজমেন্ট) কাছে পাঠিয়েছি।’ আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে সিরিজের প্রথম ধাপে হবে দুই ম্যাচের টেস্ট। পরে হবে আরও তিনটি টি-টোয়েন্টি। পাকিস্তান এরইমধ্যে মেয়েদের দল ও অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলেছে। মেয়েরা ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। যুব দল খেলেছে রাওয়ালপিন্ডিতে। দুটি দলের সফরের আগেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা পর্যবেক্ষক পাকিস্তানে যায় এবং নিñিদ্র নিরাপত্তা ছিল তিন সিরিজে। এই ধারা ধরে রেখে দেশের মাটিতে সিরিজ খেলতে বদ্ধপরিকর বোর্ড। পিসিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ‘একটি সিরিজের কিছু অংশ খেলা হবে দেশের মাটিতে, আরেকটি অংশ অন্য জায়গায়- এটা সম্ভব নয়। এমনকি এটা আর ভাবাও যাবে না। কারণ এটা যদি হয়, তাহলে পাকিস্তানে হতে যাওয়া পিএসএল এবং ভবিষ্যতের যে কোনও সিরিজে নেতিবাচক প্রভাব পড়তে পারে।’ বাংলাদেশের সঙ্গে পাকিস্তানেই দুটি সিরিজ আয়োজনে আশাবাদী বোর্ড, ‘পিসিবি মনে করে, পাকিস্তানে আসতে ছেলেদের দলের এখন আর কোনও সমস্যা থাকার কথা নয়। কারণ দেশটি (বাংলাদেশ) থেকে দুটি দলের বিপক্ষে আমরা সিরিজ আয়োজন করেছি।’ দ্য নিউজ