জি,এম,হিরু, দিনাজপুরঃ “মশা মাছি নিধন করি, রোগমুক্ত খামার গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার প্রাণিসম্পদ কর্মকর্তার সম্মেলন কক্ষে জেলা প্রাণীসম্পদ দিনাজপুর এর আয়োজনে গবাদী পশুর লাম্পি স্কিন ডিজিজ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা হয়।
দিনাজপুর জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ শাহিনুর আলম বলেছেন, লাম্পি স্কিন ডিজিজ সমন্ধে মানুষকে আতঙ্কিত না করে তা প্রতিরোধে সকলকে সচেতন করতে হবে। এটি একটি ভাইরাস জনিত চর্ম রোগ যা শুধু মাত্র গরু ও মহিষকে আক্রান্ত করে। বাংলাদেশে এ রোগটি নতুনভাবে আবির্ভূত হয়েছে। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে এ রোগে গরু-মহিশ আক্রান্ত হচ্ছে। তবে এ রোগে মানুষ আক্রান্ত হয় না। বর্তমানে দিনাজপুর সদর উপজেলা সহ পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলায় এ রোগ দেখা দিয়েছে। আর দিনাজপুরে কোন উপজেলায় এ রোগ যেন না ছড়ায় সেজন্য এই সচেতনতামূলক আলোচনা সভা।
গবাদি পশুর নতুন রোগ লাম্পি স্কিন ডিজিজ সমন্ধে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী মাহাবুবুর রহমান বলেন, এ রোগ হলে গোবাদী পশুর দুধ কমে যাবে। গবাদি পশু দূর্বল হয়ে পরবে, ওজন কমে যাবে এবং চামড়ার গুনাগুন নষ্টি হয়ে যাবে। এ লক্ষনগুলো দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রাণিসম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করতে হবে। অতিরিক্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা বলেন, এ রোগের প্রধান শএু হলো মশা ও মাছি। আমাদের গোয়ালঘর থেকে মশা, মাছি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সম্ভব হলে গরুকে মশারীতে রাখতে পারলে ভালো হয়। খামার পরিচ্ছন্ন রাখা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এ রোগ প্রতিরোধে প্রাণীসম্পদ দিনাজপুরের ১৩ উপজেলায় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। সভায় সদর উপজেলার প্রাণীসম্পদ অফিসের ভিএস, এলইও, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, খামারীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সদস্যরা অংশগ্রহণ করে।