অবৈধ কারেন্ট জাল ও পলিথিন পরিবহনের অপরাধে তিনজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর পুলিশ লাইন রোডের এসএ পরিবহনের কার্যালয়ে এ অভিযান চালানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে ১৫টি বস্তা ভর্তি প্রায় একটন পলিথিন জব্দসহ তার মালিককে আটক করে। এ সময় তারা কারেন্ট জাল দেখতে পেয়ে মৎস্য অধিদপ্তরকে খবর দেয়। পরবর্তীতে বস্তা ভর্তি দুই কোটি ২০লাখ টাকা মূল্যের ১১লাখ মিটার কারেন্টজালও জব্দ করা হয়। পরে এগুলো পরিবহনের দায়ে এসএ পরিবহনের বরিশাল শাখার ম্যানেজার জাহাঙ্গীর হোসেনকে ছয়মাস, পলিথিন মালিক মজিবর রহমানকে ছয়মাস ও ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৪৫দিন এবং ক্যাশ ইনচার্জ বেল্লাল হোসেনকে আটক করে একবছরের কারাদন্ডের রায় ঘোষণা করেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট।