আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন আগামী ২০ ও ২১ ডিসেম্বর। কাউন্সিলকে সামনে রেখে সারাদেশের ন্যায় ইতোমধ্যে বরিশাল জেলার দুটি উপজেলা ও কয়েকটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলের এই সম্মেলনগুলোকে ঘিরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রকাশ্য কোন্দলে জড়িয়ে পরেছে।
শুরু হয়েছে এক নেতার বিরুদ্ধে অপর নেতার কাঁদা ছোড়াছুরি। অর্থের বিনিময়ে প্যাকেজ কমিটি গঠনের অভিযোগে শুরু হয়েছে বিক্ষোভ। ফলে চরম বিব্রতকর অবস্থায় পরেছে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা। সূত্রমতে, গত ২৬ নভেম্বর বিকেলে জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নে টাকার বিনিময়ে ও যোগ্যনেতাদের বাদ দিয়ে গঠিত নয়টি ওয়ার্ডের প্যাকেজ কমিটি বাতিলের দাবিতে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। ধামুরা বাজারে বের হওয়া মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শোলক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল জলিল কাজীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ সান্টু মিয়া, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বাবু মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল মুন্সি, কাজী জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগ নেতা শাকিল মোল্লা প্রমুখ।
বক্তারা বলেন, ওই ইউনিয়নে দলের শতশত ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের দলের র্শীষ পদ থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি বর্তমান ইউনিয়ন কমিটির সভাপতি ডাঃ আবদুল হালিম সরদার, সাধারণ সম্পাদক কুদ্দুস ফকিরের বিরুদ্ধে পদ-পদবী বিক্রির অভিযোগ তোলা হয়। বক্তারা অনতিবিলম্বে সদ্যগঠিত নয়টি ওয়ার্ডের বিতর্কিত প্যাকেজ কমিটি বাতিল করে নতুনভাবে কমিটি গঠনের জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
অপরদিকে আওয়ামী লীগের চলমান উপজেলা সম্মেলনকে সামনে রেখে প্রতিপক্ষের লোকজনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ কয়েকটি গণমাধ্যমে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ নভেম্বর বিকেলে বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের আয়োজনে আগরপুর বন্দরে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুব হোসেন খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি চেয়ারম্যান সরদার তারিকুল ইসলাম তারেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিচুর রহমান মোল্লা, মাওলানা আবদুর রহমান, এম.আর বাদল, ইউনিয়ন যুবলীগের সভাপতি উপেন চন্দ্র মন্ডল, যুবলীগ নেতা মোঃ হেলাল, ছাত্রলীগ নেতা রাজু খন্দকার প্রমুখ।
বক্তারা বলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সরদার খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে আওয়ামী লীগ যখন সু-সংগঠিত, তখনই ষড়যন্ত্রকারীরা সম্মেলনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ কয়েকটি গণমাধ্যমে মিথ্যে অপপ্রচারে লিপ্ত হয়েছে। তাই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে জেলা আওয়ামী লীগের সভাপতি মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র হাতকে শক্তিশালী করতে উপজেলা আওয়ামী লীগ সরদার খালেদ হোসেন স্বপনের নেতৃত্বে সংগঠিত ছিলো আছে এবং থাকবে। এভাবে তৃণমূলের প্রায় প্রতিটি এলাকায় গঠিত কমিটি নিয়ে চরম বিরোধের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস বলেন, আওয়ামী লীগ একটি বড় সংগঠন। যে সংগঠনে সকলেই তাদের অবদানের স্বীকৃতি চান। কাজ করতে চান। কাজেই এ ধরনের প্রতিযোগিতা অযৌক্তিক নয়। তিনি মনে করেন, সম্মেলন হয়ে গেলে কাউন্সিলের পরেই সকলে এক হয়ে যাবে এবং মিলেমিশে কাজ করবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য্য। তিনি আরও বলেন, যদি কোন এলাকায় নবগঠিত কমিটি নিয়ে চরম আপত্তি দেখা দেয় তাহলে সে বিষয়টি নিয়ে দক্ষিণাঞ্চলের আওয়ামী লীগের একমাত্র অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর সাথে আলোচনা করে সমাধান করা হবে। তবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যাহাই বলুক না কেন, নানা কারণে আওয়ামী লীগের কাউন্সিল এখন প্রকাশ্য কোন্দল। এরমধ্যে কয়েকটি কারণও রয়েছে।
শুদ্ধি অভিযান ॥ শুদ্ধি অভিযান শুরু হওয়ার সাথে সাথে আওয়ামী লীগ স্পষ্টতই বিভক্ত হয়ে পরেছে। আওয়ামী লীগের এক পক্ষ যারা মনে করছে, আওয়ামী লীগের কিছু লোক যারা গত দশ এগারো বছরে ফুলে ফেপে উঠেছে এবং তারা দলকে ব্যবহার করে নানা রকম অনৈতিক কর্মকা-ে নিজেদের জড়িয়েছে। দলের ভাবমূর্তি নষ্ট করেছে। কাজেই যখনই শুদ্ধি অভিযান শুরু হয়েছে তখনই আওয়ামী লীগে যারা না পাওয়াদের দলে, তারা প্রকাশ্য হয়েছে। প্রকাশ্যেই গত ১০ বছরে যারা বিভিন্ন পদ-পদবীতে ছিলেন, তারা সমালোচনায় মুখর হয়েছিলেন। তারা কি কি অনৈতিক কর্মকা- করেছেন, তার ফিরিস্তি দিচ্ছেন।
অনুপ্রবেশকারী ॥ আওয়ামী লীগে গত ১০ বছরে শুধু বরিশাল জেলায়ই প্রায় দেড় হাজারের মতো বহিরাগত ঢুকেছে, যারা মূলত বিএনপি জামায়াত থেকে আওয়ামী লীগে প্রবেশ করেছে। এরমধ্যে ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে আলোচিত ছাত্রলীগ নেতার প্রধান হত্যাকারীও রয়েছে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল থেকে বলা হচ্ছে, এই সমস্ত অনুপ্রবেশকারীরা দলে ঢুকে বিভিন্ন সুবিধা আদায়ের জন্য দলের ভাবমূর্তি নষ্ট করছে। তারা পরিকল্পিতভাবে এমন কিছু কর্মকা- করছে যাতে দলের বদনাম হচ্ছে। যখন আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দলের এসব অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে এবং তিনি যখন তাদেরকে চিহ্নিত করেছেন তখন দলের দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিতরা কোণঠাসা অবস্থা থেকে প্রকাশ্য হয়েছে। কিন্তু দলের পদ-পদবীতে বর্তমান নেতৃত্বে থাকা ব্যক্তিদের হাত ধরেই এসব বির্তকিতরা বিভিন্ন দল থেকে আওয়ামী লীগের অনুপ্রবেশ করেছে। যাদের হাত ধরে সুবিধাবাদী বা অনুপ্রবেশকারীরা দলের মধ্যে ঘাঁটি গেড়ে বসেছে তারাই নেতৃত্বে থাকায় অনুপ্রবেশকারী ঠেকাতে প্রধানমন্ত্রীর লক্ষ্য ভেস্তে যেতে বসেছে। অনুপ্রবেশকারীদের হুটহাট করে সরিয়ে দেওয়া অনেকটা কঠিন ব্যাপার হওয়ায় বিভিন্নস্থানে আওয়ামী লীগে দ্বন্ধ প্রকাশ্য আকার ধারণ করেছে।
নেতৃত্ব পরিবর্তনের দাবি ॥ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী এবং সমর্থকরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অনুপ্রবেশকারী বির্তকিতদের ঠেকাতে হলে অন্তত উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমানে দায়িত্বে থাকা সভাপতি ও সাধারণ সম্পাদকদের পরিবর্তন করে নতুন নেতৃত্বের পদ তৈরি করতে হবে। কারণ হিসেবে তারা বলেন, যাদের হাত ধরে বিভিন্ন দল থেকে বির্তকিতরা আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে তারাই যদি নেতৃত্বে থাকে তাহলে অনুপ্রবেশকারীদের দাপট ঠেকানো সম্ভব হবেনা। তাদের কারণেই দলের ত্যাগী ও নির্যাতিতরা দীর্ঘদিন ধরে কোণঠাসা হয়ে রয়েছেন। তাই বর্তমান নেতৃত্বে থাকা প্রবীণদের উপদেষ্টা করে সম্মেলনের মাধ্যমে নেতৃত্বে নবীনদের স্থান করে দেয়ার জন্য তারা (ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরা) জোর দাবি করেছেন।