দীর্ঘ আট বছর পর ২৫ নভেম্বর সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শামসুল আলম চুন্নুর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অতিথি হিসেবে যোগদান করবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। আগামীকালকে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগদানের জন্য রোববার বিকেল ৩ টায় তিনি ঢাকা থেকে বিমানযোগে বরিশাল বিমান বন্দরে অবতরণ করেন। এরপর তিনি বরিশাল বিমানবন্দর থেকে সড়ক পথে গাড়ি বহর নিয়ে বাকেরগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ পল্লী ভবনে তার নিজের বাসভবনে পৌঁছান।
উপজেলা আওয়ামী লীগের এ কাউন্সিলকে ঘিরে ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতা-কর্মীরা গত এক মাস ধরে ব্যস্ত সময় পার করছেন। কাউন্সিলকে সামনে রেখে চারদিকে সাজসাজ রব, পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে পুরো হাট-বাজার, পাড়া-মহল্লা। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে প্রাণচাঞ্চল্য। সম্মেলনে যোগ দিতে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। সব মিলিয়ে এ সম্মেলন ঘিরে বাকেরগঞ্জ উপজেলায় কয়েকদিন থেকে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।