যারা আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশ করে দলের ভাব মর্যাদা ক্ষুন্ন করছে, তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দিনের পর দিন যারা দলের জন্য নিবেদিতভাবে কাজ করে চলেছেন, তাদের মুল্যায়ন করতে হবে। আমাদের সবাইকে মনে রাখতে হবে, এ দল একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব প্রদানকারী সংগঠন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন। তাই এর যথার্থ মর্যাদা আমাদেরকেই প্রদান করতে হবে। আমাদেরকে তাই সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করে যোগ্য নেতা বা নেতৃত্ব নির্বাচন করতে হবে। এক্ষেত্রে ভুল করলে তার মাশুল আপনাকে-আমাকেই প্রদান করতে হবে।
গত শুক্রবার বিকালে একাডেমি স্কুল মাঠ প্রাঙ্গণে দিনাজপুর শহর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত উত্তর মুন্সিপাড়া, তালপুকুর/খালপাড়া, ঠনঠনিয়া পড়া ও নিমতলা মহল্লা কমিটির ত্রি-বার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে বক্তারা উপর্যুক্ত কথাগুলো বলেন। ৩নং ওয়ার্ড মুন্সিপাড়া, খালপাড়া, নিমতলা মহল্লা কমিটির সদ্য বিদায়ী সভাপতি মোঃ ফরিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুব্রত চক্রবর্তী পাপ্পার প্রাণবন্ত সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দিনাজপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি সত্য ঘোষ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারক হোসেন গিটার, সাধারণ সম্পাদক শাহজাহান নভেল।
পরে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হন সুব্রত চক্রবর্তী পাপ্পা ও সাধারণ সম্পাদক হলেন মোঃ ফিরোজ আলম।