স্কুল ছাত্রীকে (১৪) ধর্ষণের অপরাধে সুজন সিকদার (৩৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের রায় ঘোষণা করেছে আদালত। এ ছাড়া দন্ডপ্রাপ্তকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত সুজন জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট এলাকার মৃত ধলু সিকদারের পুত্র।
ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটার (পিপি) ফয়জুল হক ফয়েজ জানান, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ঘুনিয়ারচর গ্রামে ১৪ বছরের কিশোরীকে স্কুল থেকে বাড়িতে ফেরার সময় সুজন সিকদার পথরোধ করে। পরে ওই কিশোরীকে জোরপূর্বক পার্শ্ববর্তী পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই কামাল হোসেন ধর্ষক সুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় পাঁচজন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে উল্লিখিত রায় ঘোষণা করেছেন।