জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, মা একটি ছোট শব্দ হলেও মায়ের কাছে একজন সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। তেমনি একজন সন্তানের কাছে মা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। মা গুরুত্বপূর্ণ অধ্যায়ন, মা একটি জীবন, মা একটি পৃথিবী, মা তার সন্তানের জন্য ইহকাল, পরকাল। একজন সুশিক্ষিত মা পারেন একটি শিক্ষিত জাতির জন্ম দিতে। শনিবার বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের একতা উচ্চবিদ্যালয়ের নব-নির্মিত অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন শেষে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি গোপাল আরো বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে দেশের সকল শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এজন্য প্রত্যেক মাকে সচেতন হতে হবে। নিজ সন্তানের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হবে। একতা উচ্চবিদ্যালয়ের সভাপতি মো. আখতারুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে মা সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর উপদেষ্টা মো. শামিম ফিরোজ আলম, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সবুজ বাংলা নিউজ এর সম্পাদক মন্ডলীল সভাপতি মো. ইয়াসিন আলী। এর আগে মরিচা ইউনিয়নের উপজেলা এলজিইডি বাস্তবায়নে ৭২ লাখ টাকা ব্যয়ে পূর্বপাড়া ডাবরা জিনেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের ভিক্তিপ্রস্তর উদ্বোধন ও গোলাপগঞ্জ ডিগ্রী কলেজের নব-নির্মিত প্রধান ফটক এর উদ্বোধন করেন এমপি গোপাল।