কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে বিরাট কোহলির সেঞ্চুরিতে লিড বাড়াচ্ছে ভারত। লাঞ্চে যাওয়ার আগে ভারত চার উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করেছে। ইতোমধ্যে তারা ১৮৩ রানের লিড পেয়েছে। দ্রুত তারা লিড বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। কোহলি ১৩০ ও রবীন্দ্র জাদেজা ১২ রান নিয়ে ব্যাট করছেন। আগের টেস্টে শূন্য রানে আউট হয়েছিলেন। বিরাট কোহলি এবার সেটি পুষিয়ে নিলেন, করলেন সেঞ্চুরিই। তাইজুল ইসলামের বলে ডাবল নিয়ে তিন অঙ্ক স্পর্শ করেন ভারত অধিনায়ক। এটি কোহলির ক্যারিয়ারের ২৭তম টেস্ট সেঞ্চুরি, যার ২০টিই করলেন অধিনায়ক হিসেবে। এদিকে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টার শেষ ওভারে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিয়েছেন তাইজুল ইসলাম। ফিফটির পর ফিরে গেছেন অজিঙ্কা রাহানে। অফ স্টাম্পের বাইরে বাঁহাতি স্পিনারের স্লোয়ার ও শর্ট বল কাট করতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। কিন্তু ঠিকমতো ব্যাটে লাগেনি। সহজ ক্যাচ উঠে যায় পয়েন্টে। বল হাতে জমাতে ভুল করেননি ইবাদত হোসেন।দিবা-রাত্রির টেস্টের গোলাপি বলে ভারতের বিপক্ষে টেস্টের প্রথম দিন ৩০ দশমিক ৩ ওভার ব্যাট করে মাত্র ১০৬ রানে অলআউট হয় টাইগাররা। বাংলাদেশী ব্যাটসম্যানদের ব্যর্থতা ও নিজ বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে প্রথম দিনই ব্যাট হাতে নামার সুযোগ পায় ভারত। দিন শেষে ৩ উইকেটে ১৭৪ রান করে টিম ইন্ডিয়া।