টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দলকে টানলেন বিজে ওয়াটলিং। দিন শেষে রইলেন অপরাজিত। দারুণ সঙ্গ দিলেন কলিন ডি গ্র্যান্ডহোম ও মিচেল স্যান্টনার। তাদের ব্যাটে ইংল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহকে ছাপিয়ে গেল নিউ জিল্যান্ড। মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিন শেষে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৬ উইকেটে ৩৯৪ রান। লিড ৪১ রানের। ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়া ওয়াটলিং অপরাজিত আছেন ১১৯ রানে, সঙ্গী স্যান্টনারের সংগ্রহ ৩১। ৪ উইকেটে ১৪৪ রান নিয়ে দিন শুরু করা নিউ জিল্যান্ড খুব বেশি সুযোগ দেয়নি সফরকারী বোলারদের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ওয়াটলিং ও হেনরি নিকোলস স্বচ্ছন্দেই ব্যাট করে জুটির পঞ্চাশ পূরণ করেন। ধীরস্থির ব্যাটিংয়ে ফিফটির পথে ছিলেন নিকোলস। কিন্তু ব্যক্তিগত ৪১ রানে জো রুটের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। এরপরই কিউইরা পায় দিনের সেরা জুটি। ষষ্ঠ উইকেটে ওয়াটলিং ও ডি গ্র্যান্ডহোম যোগ করেন ১১৯ রান। শুরুতে দেখেশুনে খেললেও এরপর স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাটিং করেন ডি গ্র্যান্ডহোম। লাঞ্চের পর ১৪৯ বলে ফিফটি স্পর্শ করেন ওয়াটলিং। আর ডি গ্র্যান্ডহোম পঞ্চাশে পৌঁছান ৭৩ বলে, সাতটি চার ও একটি ছক্কায়। দ্বিতীয় সেশনে উইকেটশূন্য থাকে ইংল্যান্ড। চা বিরতির পর প্রথম বলেই ফেরেন ডি গ্র্যান্ডহোম। অফস্টাম্পের বাইরের বল কাট করতে চেয়েছিলেন, গালিতে দূর্দান্ত এক ক্যাচ নেন ডম সিবলি। ১০৮ বলে ৬৫ রানের ইনিংসে সাতটি চারের পাশাপাশি ছিল একটি ছক্কা। দিনের খেলায় সেটিই ইংল্যান্ডের শেষ সাফল্য। ওয়াটলিং-স্যান্টনারের অবিচ্ছিন্ন জুটি এরপর স্কোরবোর্ডে যোগ করে আরও ৭৮ রান। স্যাম কারানের বল ডিপ মিড-উইকেটে ফ্লিক করে নেয়া সিঙ্গেলে ২৫১ বলে সেঞ্চুরিতে পৌঁছান ওয়াটলিং। নিজের খেলা সবশেষ টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে তিনি করেছিলেন অপরাজিত ১০৫ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ৩৫৩
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১৪৪/৪) ১৪১ ওভারে ৩৯৪/৬ (নিকোলস ৪১, ওয়াটলিং ১১৯*, ডি গ্র্যান্ডহোম ৬৫, স্যান্টনার ৩১*; ব্রড ২৫-১০-৪৫-০, আর্চার ৩০-৮-৮৪-০, কারান ২৩-৬-৭৪-২, লিচ ৩৭-৬-৯৭-১, স্টোকস ১৬-৪-৩৭-২, রুট ১০-২-৩১-১)