বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপি সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে শনিবার দুপুরে নগরীর নাজিরেরপুল এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
এয়ারপোর্ট থানার ওসি এসএম জাহিদ বিন আলম জানান, ২০১৩ সালে আকন কুদ্দুসসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আকন কুদ্দুসের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু তিনি আদালতে আত্মসমর্পণ না করে পলাতক ছিলেন। শনিবার তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বেলা এগারোটায় জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেছিলেন আকন কুদ্দুসুর রহমান। সেখান থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাসের সাথে মহানগর বিএনপির সদ্য প্রয়াত নেতা সাহেদ আকন সম্রাটের বাসায় যাওয়ার পথে পুলিশ তাকে গ্রেফতার করেছে।