বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ পাকিস্তান থেকে পেঁয়াজ আনলে কোন দোষ নেই, আমরা কথা বললেই দোষ হয়ে যায়। এ দেশে জিয়াউর রহমান বাকশাল থেকে মুক্ত করে গণতন্ত্রসহ বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করেছিল বলেই আজ আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ লুটপাটের এমন কায়দা-কৌশল জানে যা শয়ং আল্লাহপাক নিজেও জানেনা।
শনিবার বেলা ১১টায় বরিশাল নগরীর সদররোডস্থ মহানগর ও জেলা বিএনপির দলীয় কার্যলয়ের সামনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা আব্বাস আরও বলেন, কথা বলা আর শোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে এই সরকারকে হটানো যাবেনা। ভূত তাড়াতে হলে শষ্যে লাগবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে জোরদার আন্দোলন করার প্রস্তুতি নিতে হবে। সরকার পতনের আন্দোলন বরিশাল থেকেই শুরু করা হবে এটা তারই প্রস্তুতি সভা।
বিএনপির নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবা উদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন, মহানগর সহ-সাধারণ সম্পাদক আনায়ারুল হক তারিন, উত্তর জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আবদুস ছাত্তার খান প্রমুখ।