নগরীর রূপাতলীস্থ সোনারগাঁও টেক্সটাইল মিলের তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে অগ্নিকা-ে কোন হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
টেক্সটাইল মিলের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাত দেড়টার দিকে মিলের পেছনের তুলার গোডাউনে হঠাৎ করেই ধোঁয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আবদুল হামিদ বলেন, যেখানে আগুন লেগেছে সেটি তুলার গোডাউন। তার পাশেই সুতা তৈরির মেশিনারি ছিল। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠণ করা হবে।