মুলাদীতে মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থীদের দিয়ে ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দেওয়াচ্ছে মাদরাসা কর্তৃপক্ষ। উপজেলার সদর ইউনিয়নের বেইলি ব্রিজ এলাকায় উত্তর পূর্ব চরলক্ষ্মীপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার প্রধান ইমতিয়াজ আহমেদ আলমাস ২০১৯ সালের ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এনে পরীক্ষায় অংশগ্রহণ করাচ্ছে। ওই মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকায় মাদরাসা প্রধান প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে এ অপকৌশল অবলম্বন করছেন। স্থানীয়রা জানান হঠাৎ করেই ইমতিয়াজ আহমেদ আলমাস বেইলি ব্রিজ এলাকায় একটি টিনের ঘরকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা বলে ঘোষণা করেন। মাদরাসায় কোনো শিক্ষার্থী না থাকলেও তিনি নিজেকে মাদরাসার প্রধান এবং কাগজপত্র ছাড়াই সহকারী শিক্ষক নিয়োগ দেন। পরবর্তীতে তার ঘোষিত মাদরাসায় শিক্ষার্থী ভর্তির বিষয়ে তৎপরতা না চালিয়ে কাগজে কলমে মাদরাসা ঠিক রাখতে ব্যস্ত হয়ে পড়েন। চলতি বছর ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরুর আগে ইমতিয়াজ আহমেদ ৬জন শিক্ষার্থীর নামে রেজিষ্ট্রেশন করেন এবং পরীক্ষা শুরু হলে মুলাদী সরকারি মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র জিসান, মইন, চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র সিয়াম, কুলসুম, ফারজানাকে দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এ ব্যাপার ইমতিয়াজ আহমেদ আলমাস অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দিয়ে পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি স্বীকার করে জানান উত্তর পূর্ব চরলক্ষ্মীপুর স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার নামে কোনো সরকারি অনুদান না পাওয়ায় কোনো শিক্ষকের পক্ষে ক্লাস করানো সম্ভব নয়। তাই প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখতে বাধ্য হয়েই অনিয়মের আশ্রয় নিতে হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম জানান উপজেলায় ৪টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার রেজিষ্ট্রেশন রয়েছে। বাকী মাদরাসাগুলো কে কোথায় অনিয়ম করছে তা আমার জানা নাই।