সদর উপজেলার কালাবদর নদীতে মাছ ধরতে গিয়ে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে জহির হাওলাদার (২৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ জহির হাওলাদার সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার আবদুল গণি হাওলাদারের পুত্র।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, বুধবার ভোররাতে ডিঙি নৌকা নিয়ে কালাবদর নদীতে মাছ ধরছিলেন চন্দ্রমোহন এলাকার বাসিন্দা জহির হাওলাদার ও হাসান হাওলাদার। এ সময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসা একটি লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। পরবর্তীতে জেলে হাসান হাওলাদার সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হলেও জহির হাওলাদার এখনো নিখোঁজ রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরীদল নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ জহিরকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।