দাকোপ উপজেলার সদর চালনা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃ আবদুল ওয়াদুদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। আইন অমান্য করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪ ব্যক্তিকে সর্বমোট ৫ হাজার ৫‘শ টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায় সোমবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকের কাজে বাধা দেওয়ায় চালনা পৌরসভায় বেসরকারি ডায়াগনিস্টিক সেন্টার ‘চালনা ডিজিটালের’ কর্মচারী রুবেল মল্লিককে (২৬) ১৮৬০ সালের ১৮৬ ধারায় ১ হাজার ৫‘শ টাকা জরিমানা করা হয়। অপরদিকে ভ্রাম্যমাণ অভিযানে সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ায় চালনা বাজারের রতন দের ছেলে সাধন দেকে (৫৫) একই ধারায় ৫‘শ টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুদ রাখায় চালনা বাজারের অজয় ম-লের ছেলে খোকন ম-লকে (৫৭) ১৮৬০ সালের ২৭৩ ধারায় ৫‘শ টাকা জরিমানা করা হয়। অপর দিকে মঙ্গলবার সন্ধায় চালনা বাজারের শ্রীবাস সাহার পুত্র গোবিন্দ সাহাকে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারী সামগ্রী তৈরী করার অপরাধে দন্ডবিধির ভোক্তা অধিকার আইনের ২০০৯ সালের ৩৭,৪১ ধারা মোতাবেক ৩ হাজার টাকা নগত অর্থ জরিমানা আদায় করার হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. তারিফ-উল-হাসান, দাকোপ থানা কর্মকর্তা ইনচার্জ মো. সফিকুল ইসলাম চৌধুরীসহ উপজেলা প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।