ক্যান্সারে মেয়েকে হারানোর পর আবারও স্পেন জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নিলেন লুইস এনরিকে। স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। গত জুন মাসে ব্যক্তিগত কারণ দেখিয়ে জাতীয় দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এনরিকে। দুই মাস পর অগাস্টে তার নয় বছর বয়সী মেয়ে ক্যান্সারে মারা যায়। এনরিকের জায়গায় দায়িত্ব পেয়েছিলেন তার সহকারী কোচ রবের্ত মরেনো। তবে কিছুদিন আগে মরেনো ঘোষণা দিয়েছিলেন, এনরিকে ফিরলে সরে দাঁড়াবেন তিনি। স্পেন রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বাদ পড়ার পর ২০১৮ সালের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে দলটির দায়িত্ব নেন বার্সেলোনার সাবেক কোচ এনরিকে।