দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেছেন, স্কুল ব্যাংকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের সঞ্চয়ের অভ্যাস ও আর্থিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাবা মা যেমন সন্তনের জন্য সঞ্চয় করেন ঠিক তেমনি স্কুলগামী শিক্ষার্থীরা সঞ্চয়ের মাধ্যমে তাদের নিজস্ব মূলধন করার অভ্যাসই হলো স্কুল ব্যাংকিং। ছোট ছোট সঞ্চয়ের মাধ্য দিয়ে একদিন বড় মূলধনের সৃষ্টি করা যা উচ্চ শিক্ষার ক্ষেত্রে ব্যাংক বন্ধুর মতো সহযোগিতা করবে।
“আজকের সঞ্চয় উজ্জ্বল ভবিষ্যৎ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল রোববার লিড ব্যাংক এনসিসি ব্যাংকের আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কর বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এর আগে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধান এবং জেলার স্থানীয় ৩৬টি তফসিল ভুক্ত ব্যাংকের সহযোগিতায় রোববার সকালে বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকা’র এসইভিপি মোহাম্মদ এইচ. কাফির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ ফজলার রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপক মোঃ রশিদুল হক প্রমুখ।
বাংলাদেশ ব্যাংকের উপ-ব্যবস্থাপক মোঃ ফজলার রহমান বলেন, স্কুল ছাত্রদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে দিনাজপুর জেলার তফসিল ভুক্ত ৩৬টি ব্যাংকে স্কুল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। ১৮ বছরের নিচে সকল শিক্ষার্থীরা এই স্কুল ব্যাংকিং এর আওতায় আসবে।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।