পরিবহন মালিক সমিতির নেতারা বিভিন্ন সময়ে বলে থাকেন, সড়কে আর অনিয়ম হবে না। পরিবহন শ্রমিক নেতারাও এরকম বড় বড় কথা বলায় কম যান না। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। পরিবহন মালিকরদের মধ্যে নেতৃস্থানীয়রা বরাবরই যখন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন, সে দলের ‘জ্যাকেট’ পড়েই সুবিধাভোগ ও প্রভাব খাটিয়ে থাকেন। ক্ষমতাসীনদের সাথে যাদের সম্পর্ক, তারা চাইলেই গোটা পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারেন, সড়কে ফিরিয়ে আনতে পারেন শৃঙ্খলা। কিন্তু তাদের ক্ষমতার প্রভাবেই উল্টো বিশৃঙ্খল সড়ক! বেপরোয়াপনায় লিপ্ত হওয়ার সাহস পান, চালক-হেলপার তথা গোটা পরিবহন সেক্টরই। একথা ঠিক, ক্ষমতার প্রভাব না থাকলে গণপরিবহনে নৈরাজ্যও থাকতো না। সুশৃঙ্খল নয় বরং বিশৃঙ্খলতার আয়োজন করেই এ সেক্টর থেকে ক্ষমতাসীন এসব ব্যক্তিরা হাজার কোটি টাকা আয় করে নিচ্ছে। চালক-হেলপার কর্তৃক সংগঠিত অন্যায়ও ধামাচাপা পড়ে যাচ্ছে। যে কারণে সড়কে ফিরছেন না শৃঙ্খলা।
নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ কার্যকরের মধ্য দিয়ে চালক-মালিকদের সতর্ক হওয়ার সময় এসেছে। তবে নতুন আইনে, বিপুল পরিবর্তন সত্ত্বেও তা জনগণ ও পরিবহনমালিক-শ্রমিকদের জানাতে সরকারের সচেতনতামূলক তৎপরতা যথেষ্ট পরিমাণ দেখা যায়নি। নতুন আইন অনুযায়ী, সড়কে গাড়ি চালিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করলে ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদল্পের বিধান রাখা হয়েছে। বেপরোয়া গাড়ি চালিয়ে কাউকে আহত করলে ৩ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদল্প। ট্রাফিক সংকেত ভঙের জরিমানা ৫ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১০ হাজার টাকা করা হয়েছে।
আমরা মনে করি, ট্রাফিক ব্যবস্থাপনায় শুধু আইন প্রয়োগ করে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব নয়। এটা আসলে একটা শিক্ষা, অভ্যাস ও সচেতনতার বিষয়। ট্রাফিক শিক্ষাটা যদি চালক, হেলপার তথা সর্বসাধারণের রক্তে প্রবেশ করে, তাহলেই এটা সহজ হয়ে যাবে। পুলিশ প্রতিদিন হাজার হাজার মামলা দিলেও কার্যত সমাধান হচ্ছে না। যত্রতত্র গাড়ি দাঁড়ানো, লেন না মানা, উল্টোপথে চলা, সবই চলছে আগের মতো। চালকরা মানছেন না সড়ক বিভাজন। উল্টোপথে ব্যক্তিগত গাড়ি, ফিটনেসবিহীন গণপরিবহন এবং মধ্যসড়কে ঝুঁকিপূর্ণভাবে যাত্রী উঠানামা, ফুটওভারব্রিজ থাকলেও ঝুঁকিপূর্ণ পারাপার, মোটরসাইকেলের দখলে ফুটপাত, রিকশার বিড়ম্বনা, সড়কে যানবাহন নৈরাজ্যে অসহায় পথচারী এবং দুর্ঘটনাসহ বাড়ছে প্রাণহানি ও পঙ্গুত্ববরণের ঘটনা। মোটরসাইকেল আরোহীদের হেলমেটের ব্যবহার চোখে পড়লেও বদলায়নি সার্বিক সড়কের চিত্র।
ক্যাসিনোকা-ে যেমন সরকারের ঘনিষ্টজনরাও প্রশ্রয় পায়নি, তেমনি গণপরিবহন থেকে রাজনৈতিক প্রভাব দূরীকরণে সরকারের সদিচ্ছার প্রয়োজন। এছাড়া ট্রাফিক বিভাগে জনবল বাড়ানো জরুরি বলে আমরা মনে করছি। যে জনবল আছে তাদের নতুন আইন সম্পর্কে প্রশিক্ষিত করতে ট্রেইনআপ করতে হবে। শুধু আইন প্রয়োগ করে নয়, নতুন আইনটির সফল প্রয়োগের ক্ষেত্রে পথচারী, পরিবহন চালক হেলপারসহ সকল অংশীজনের সহযোগিতায় সড়কের শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা সাধারণ মানুষের।