আয়কর মেলার প্রয়োজন ছিল না মন্তব্য করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সচেতনতা, দেশপ্রেম ও অর্থনৈতিক মেরুদন্ড ৭৫ এর ১৫ আগস্ট ভেঙে দেওয়া হয়েছিল। একটি বিকৃত সমাজব্যবস্থা ও লুটেরা অর্থনীতি গড়ে তোলা হয়েছিল। বিকৃত রাজনীতির মধ্য দিয়ে যুদ্ধাপরাধীরা দেশকে নিয়ন্ত্রণ করেছিল। সেই জন্য স্বাধীনতার ৪৮ বছর পর এসে আয়কর মেলা করতে হচ্ছে। তবে এখন বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সময় এসেছে।
যে দেশের মুক্তি সংগ্রামে ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে, সে দেশে আয়করের জন্য মেলা করাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বলেই বাংলাদেশ ৪৮ বছরে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। বঙ্গবন্ধুকে হত্যা না করলে বাংলাদেশ আজ থেকে ৩০ বছর আগেই সোনার বাংলা হতো। আয়করের জন্য আজ মেলা করতে হতো না।
শুক্রবার দুপুরে দিনাজপুরে নিমনগর বালুবাড়ীতে আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির সমালোচনা করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী আরও বলেন, তিন বারের প্রধানমন্ত্রী জেলখানায় আছেন, এই প্রধানমন্ত্রীকে দেখেছি কালো টাকাকে সাদা করতে। এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক। প্রয়াত অর্থমন্ত্রী সাইফুর রহমান অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতো, সেও কালো টাকাকে সাদা করার সুযোগ করে দিয়েছেন।
আলোচনা শেষে প্রধান অতিথি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন করেন।
রংপুর অঞ্চলের কর কমিশনার আবদুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল আলম এবং দিনাজপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি সুজা উর রব চৌধুরী।
দিনাজপুর উপ কর কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মেলায় আয়কর জমা দেওয়ার জন্য বিভিন্ন স্টল বসানো হয়েছে।