দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারী লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠার পর বিষয়টি তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ আবদুল কুদ্দুস জানান, নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে সরকারী লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগের বিষয়টি তিনি অবগত হয়েছেন এবং বিষয়টি তদন্তের জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি করে দিয়েছেন। তদন্ত কমিটিতে জেলার ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম ও দিনাজপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিকেল কর্মকর্তা রয়েছেন।খুব শীঘ্রই তারা তদন্ত কাজ শুরু করবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ওই কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান। উল্লেখ্য নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সের আসবাবপত্র ক্রয়, ওষুধ ও সরঞ্জাম ক্রয়,পরিচ্ছন্নতার বরাদ্দের টাকা সহ নানা খাতের টাকা অনিয়ম ও ভুয়া ভাউচার দাখিলের মাধ্যমে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। জানা যায় ২০১৭-১৮ অর্থ বছরে ৫টি হাফ সেক্রেটারী টেবিল ক্রয়ের জন্য উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলাম ১ লাখ ২৫ হাজার টাকা গত ২৫ জুন বিল নং-১ এর মাধ্যমে উত্তোলন করেন। কিন্তু যে দোকানের ভাউচার দাখিল করে তিনি বিল উত্তোলন করেছেন সেখান থেকে টেবিল না নিয়ে তিনি টেবিল নিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেলাল ফার্নিচার থেকে। বেলাল ফার্নিচারের মালিক বেলাল জানান তার দোকান থেকে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খাইরুল ইসলাম গত ২৫ সেপ্টেম্বর প্রতিটি টেবিল ২২০০ টাকা হিসাবে ৫টি টেবিল ১১ হাজার টাকায় এবং প্রতিটি পাদানি ১ হাজার ২০০ টাকা হিসাবে ৪টি পাদানি ৪ হাজার ৮০০ টাকায় খরিদ করেছে। এছাড়াও তার বিরুদ্ধে নানা খাতের টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। বিষয় নিয়ে বৃহস্পতিবার কমপ্লেক্সে তার সাথে যোগাযোগ করার জন্য গেলে অফিস সহকারী আনোয়ার হোসেন জানান তিনি ১২ নভেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ২৮ দিন অর্জিত ছুটিতে গেছেন। মোবাইল ফোনে যোগযোগ করলে তিনি কল গ্রহন না করায় কোন মন্তব্য পাওয়া যায়নি। তার ছুটির বিষয়টি জানতে দিনাজপুর সিভিল সার্জন ডাঃ আবদুল কুদ্দুসের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান তার ছুটির কাগজ তার হাতে এখন পৌঁছেনি।