ঘূর্নিঝড় বুলবুল কেড়ে নিয়েছে বিধবা জাহানুর খাতুনের একমাত্র মাথা গোঁজার ঠাঁই বসত ঘর। ফলে ছয় সদস্যর পরিবারের আশ্রয়ের একমাত্র বসতঘর হারিয়ে অনেকটাই বাকরুদ্ধ হয়ে পরেছেন জেলার গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের বিধবা জাহানুর খাতুন।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ওই গ্রামের মৃত নজরুল ইসলাম সরদারের স্ত্রী জাহানুর খাতুন জানান, ঘূর্নিঝড় বুলবুলের তান্ডবে তার বসতঘর ও রান্নাঘরের ওপর গাছ পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে সন্তানদের নিয়ে তিনি এখন চরম মানববেতর জীবন যাপন করছেন। তিনি আরও জানান, পরিবারের আর্থিক দূরাবস্থার কারণে তার পক্ষে নতুন ঘর উত্তোলন করা সম্ভব হচ্ছেনা। তাই মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পরেছেন। তাই অসহায় বিধবা জাহানুর খাতুন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা প্রস্তুতের কাজ চলছে। পরবর্তীতে অগ্রাধিকারের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে।