মেঘনা নদীর চরে আটকা পরা এমভি শাহরুখ-২ লঞ্চের প্রায় পাঁচশ’ যাত্রীকে সাত ঘন্টা পর বুধবার সকালে সাড়ে দশটার দিকে উদ্ধার করা হয়েছে। জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ চরে আটকা পরা যাত্রীবাহি লঞ্চ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যাত্রীদের এমভি পূবালী-১ নামের অন্য একটি লঞ্চে তুলে দেয়ার পর পূবালী-১ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে।
এর আগে বুধবার ভোর রাতে মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ চর সংলগ্ন মেঘনা নদীর চরে প্রায় পাঁচশ’ যাত্রী নিয়ে আটকা পরেছিলো এমভি শাহরুখ-২ নামের লঞ্চটি। লঞ্চের যাত্রীরা জানান, মঙ্গলবার বিকেলে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে এমভি শাহরুখ-২ লঞ্চটি। রাত সাড়ে তিনটার দিকে কোনো কিছুর সাথে ধাক্কা লাগার শব্দ হয়। বাইরে গিয়ে দেখা যায় লঞ্চটি চরে উঠে গেছে। লঞ্চ মাস্টারের গাফিলতির কারণেই এমনটা হয়েছে বলে যাত্রীরা অভিযোগ করেন।
বিআইডব্লিউটিএ’র বরিশাল নৌ-নিরাপত্তা শাখার উপ-পরিচালক ও বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু জানান, চরে আটকে থাকার খবর পেয়ে লঞ্চটির মালিকের সাথে যোগাযোগ করা হয়। লঞ্চ মালিক মোঃ মাসুম খানকে আটকে থাকা যাত্রীদের দ্রুত উদ্ধার করে ঢাকায় পাঠাতে বলা হয়েছে।
এমভি শাহরুখ-২ লঞ্চের মালিক মাসুম খান জানান, লঞ্চটি আটকে পরার খবর পেয়ে তার কোম্পানির এমভি পূবালী-১ লঞ্চ পাঠানো হয়। পরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এমভি শাহরুখ-২ লঞ্চের প্রায় পাঁচ শতাধিক যাত্রীকে ওই লঞ্চে করে ঢাকার উদ্দেশে পাঠনো হয়েছে। তিনি আরও জানান, লঞ্চটি কিভাবে চরে আটকা পরলো তা খতিয়ে দেখা হচ্ছে।