নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির আঞ্চলিক কমান্ডার আলী আকবরকে (৩৭) বরিশাল মেট্রোপলিট্রন বিমানবন্দর এলাকার গড়িয়ারপার-বানারীপাড়া সড়কের গজালিয়া নামকস্থান থেকে আটক করেছে র্যাব-৮এর সদস্যরা। আটককৃত আলী আকবর শরিয়তপুর জেলার জাজিরা থানার নাওডোবা ইউনিয়নের জয়নুদ্দিন মাদবর গ্রামের ফয়জুল হকের পুত্র। সে শরিয়তপুর জেলা জেএমবির আঞ্চলিক কমান্ডার।
বুধবার দুপুরে র্যাব-৮ এর পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, মঙ্গলবার র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে র্যাব-৮ এর সদস্যরা অভিযান চালায়। এ সময় আলী আকবর নামের ওই জেএমবির সক্রিয় সদস্যকে আটক করা হয়। আটককৃতের সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে বিভিন্ন প্রকার উগ্রপন্থী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে (আলী আকবর) জেএমবির শরিয়তপুর জেলার আঞ্চলিক কমান্ডার বলে স্বীকার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, ২০১৫ সালের শুরুতে শীর্ষ জেএমবি নেতা তরিকুল ইসলাম সাকিবের সান্নিধ্যে জেএমবি কর্মকা-ে অনুপ্রাণিত হয় আলী আকবর। এরপর উগ্রপন্থী কাজ পরিচালনার জন্য ঢাকা, নারায়গঞ্জ ও বরিশালসহ দেশের বিভিন্নস্থানে গমন করে জেএমবির কার্যক্রম চালিয়ে আসছে। সে (আলী আকবর) বিভিন্ন জেলা শহরে গোপনে সভা ও উগ্রপন্থি পরিকল্পনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় বরিশালে আগমন করেছিলো আলী আকবর। এ ঘটনায় আটক জেএমবি সদস্য আলী আকবর ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।