সৈয়দপুর বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৮শ’ একর জমি অধিগ্রহণ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্থ পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সাড়ে ৪শ’ পরিবার অবিলম্বে তাদের ৪ দফা দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তা না হলে হরতাল অবরোধের মত কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনা করা হবে বলে হুশিয়ারী দিয়েছে আন্দোলনরত ক্ষতিগ্রস্ত ভূমি মালিক নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ২টায় পার্বতীপুর শহরের ইয়ংষ্টার ক্লাব গ্রস্থাগারে আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন আন্দোলনরত ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের নেতা প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন- বেলাইচন্ডী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কৃষিবীদ নুর মোহাম্মদ রাজা, ক্ষতিগ্রস্থ ভূমি মালিক মোজাম্মেল হক, বকুল চন্দ্র দেবনাথ ও আজিজার রহমান প্রমুখ। বক্তারা বলেন- ভূমি অধিগ্রহণ প্রক্রিয়ায় পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ৩১৭ একর ও সৈয়দপুর উপজেলার ৫৩৫ একর ভূমি অধিগ্রহণ করা হচ্ছে। সৈয়দপুরে অধিগ্রহণ করা জমির মূল্য প্রতি শতক ১ লক্ষ ১০ হাজার টাকা ধরা হলেও পার্বতীপুর উপজেলার প্রতি শতক ভূমির মূল্য সৈয়দপুরের মূল্যর ৫ ভাগের ১ ভাগ অর্থাৎ প্রতি শতক জমি মাত্র ২১ থেকে ২২ হাজার টাকা দেয়া হবে বলে শোনা যাচ্ছে। বেলাইচন্ডী ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের চার দফা দাবী সমূহ হচ্ছে- পার্বতীপুরের অধিগ্রহণ করা প্রতি শতক জমির মূল্য সৈয়দপুরের অধিগ্রহণকৃত জমির মূল্যের সমপরিমাণ দিতে হবে। অধিগ্রহণের ফলে ভিটে-মাটি হারা গ্রামবাসীদেকে উন্নত জীবন যাপনের সুবিধা সম্বলিত পুণঃর্বাসন কর্মসূচীর আওতায় অর্ন্তভুক্ত করতে হবে। তৃতীয়ত পার্বতীপুর ও সৈয়দপুর উপজেলার বিস্তৃত এলাকা অধিগ্রহণকরে বিমানবন্দর সম্প্রসারণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ কারণে বিমানবন্দরের নামকরণে পার্বতীপুরের নাম অন্তর্ভুক্ত করতে হবে। এ ছাড়া সম্প্রসারিত এ বিমান বন্দরকে আন্তর্জান্তিক মানে উন্নীত করতে হবে। অবিলম্বে এই চার দফা দাবি বাস্তবায়ন করা না হলে দাবী বাস্তবায়নে বড় কর্মসূচি ঘোষনা করা হবে বলে ক্ষতিগ্রস্থ ভূমি মালিক নেতৃবৃন্দ জানান। বক্তারা দাবী না মানা পর্যন্ত ক্ষতিগ্রস্থ এলাকায় মিছিল, মিটিং ও মানব বন্ধনসহ ব্যাপক গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।