ঘুর্ণিঝড় বুলবুলের ঝড়ো হাওয়া ও বৃষ্টিতে মণিরামপুরে কৃষকদের আমন ধান, পেঁপে ও কলা বাগানসহ বিভিন্ন ফসলের কম-বেশী ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ছাড়া ক্ষতি হয়েছে ইটভাটার কাঁচা ইট এবং বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি ভেঙ্গে।
জানাযায়, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ও বৃষ্টিতে উপজেলার প্রায় সব মাঠেই আমন ধানের ক্ষতি হয়েছে। উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের কৃষক আবদুল আজিজ বলেন, দুই বিঘা জমি বর্গা নিয়ে ধান চাষ করেছি। এখন সব পানির নিচে চলে গেছে। কি করে সারের দাম পরিশোধ করবো বুঝতে পারছি না।
উপজেলার রাজগঞ্জ এলাকায় অবস্থিত রবি ব্রিকসের ম্যানেজার রুহুল কুদ্দুস বলেন, নতুন তৈরি কাঁচা ইট বৃষ্টিতে নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, এ উপজেলায় ৩৯টি ইট ভাটায় দুই সপ্তাহ ধরে নতুন ইট তৈরির কাজ চলছিল। বৃষ্টিতে ভাঁটা মালিকরা কম-বেশী ক্ষতির শিকার হয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার জানান, ঘুর্ণিঝড় বুলবুলের আংশিক প্রভাবে ও বৃষ্টিতে পেঁপেঁ ও কলা চাষীদের অনেক ক্ষতি হলেও কিছুটা ক্ষতি হয়েছে আমন ধানসহ, মসুর ও সরিষা ক্ষেতে। তিনি আরও জানান, এরপর আর বৃষ্টি না হলে নুয়ে পড়া ধানের তেমন ক্ষতি হবে না।