দৈনিক ভোরের কাগজের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক শ্যামল দত্ত বলেছেন, আমার বিশ্বাস ঢাকার বাইরে যারা সাংবাদিকতা করেন তারা সবসময় চ্যালেঞ্জের মুখে কাজ করেন। বর্তমানে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে সাংবাদিকতা করা বড়ই কষ্টকর। সাংবাদিকতার পেশার মান উন্নয়নে ঢাকার সাংবাদিকদের সাথে আপনারা বসেন, আলোচনা করে সাংবাদিকদের সমস্যার বিষয়গুলো সমাধান করেন। স্বাধীনভাবে সাংবাদিকতা করতে প্রয়োজনে সকল সাংবাদিক ঐক্যবদ্ধ হয়ে এক পতাকার তলে আসতে হবে।
গত রোববার দিনাজপুর প্রেসক্লাব আয়োজিত এম আবদুর রহিম মিলনায়তনে দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত’র সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সাংবাদিকদের উদ্দেশ্যে উপর্যুক্ত বক্তব্য রাখেন।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্্সী বাচ্চুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি সুনীল চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রতন সিং, বাংলাদেশ পূজা উদ্্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়, বৈখাশী টিভি’র জেলা প্রতিনিধি একরাম হোসেন তালুকদার। সভাপতির বক্তব্যে স্বরূপ বক্সী বাচ্চু বলেন, আঞ্চলিক পত্রিকাগুলো প্রকাশ করতে সম্পাদকরা হিমশিম খাচ্ছেন, সঠিক বিজ্ঞাপন বিতরণ হচ্ছে না। যার ফলে সাংবাদিকদের সঠিক মূল্যায়ন হচ্ছে না। আঞ্চলিক পত্রিকাগুলোর প্রকাশের ক্ষেত্রে এবং সাংবাদিকদের মান উন্নয়ন ও সঠিক মূল্যায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সাংবাদিক নেতৃবৃন্দদের এগিয়ে আসা প্রয়োজন।