পৃথিবীতে মানুষ না থাকলে গাছের কোনো অসুবিধা হতো না, কিন্তু বনরাজি না থাকলে মানুষের অস্তিত্বই বিলীন হয়ে পড়ত। আবহাওয়াবিদরা বলেছেন, সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’ যদি সরাসরি সাগর থেকে বাংলাদেশ উপকূলে আঘাত হানত, তাহলে সিডরের মতো ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল প্রথমেই সুন্দরবনের বুকে বাধা পেয়ে দুর্বল হয়ে যায়। প্রথমে ভারতীয় অংশের সুন্দরবনের সাগরদ্বীপে ঘূর্ণিঝড়টি আঘাত করে। এরপর এটি বাংলাদেশের সুন্দরবনের খুলনা অংশে ঢুকে পড়ে। দুই দেশের সুন্দরবনের গাছপালায় বাধা পেয়ে দুর্বল বুলবুলের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার কমে যায়। জলোচ্ছ্বাসের তীব্রতাও কমে যায়। ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালের ২৫ মে ঘূর্ণিঝড় আইলা একইভাবে সুন্দরবনে বাধা পেয়ে দুর্বল হয়ে পড়েছিল। ঠিক এবারো ঘূর্ণিঝড় বুলবুলের সামনে বুক পেতে দিল সুন্দরবন। আর আমরা এই সুন্দরবনের বুকে কুঠার মারতে ব্যস্ত। আবারো প্রমাণ হলো, সুন্দরবন (প্রকৃতি) এদেশের ১৭ কোটি মানুষের প্রটেক্টর।
সুন্দরবনকে কেটেকুটে সাফ করে ‘বিদুৎকেন্দ্র’ তৈরির উদ্যোগে ব্যস্ত। যে মহাপ্রাণ সুন্দরবন বাংলাদেশকে রক্ষা করে, সে সুন্দরবনকে রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব, সর্বজনের অবশ্যকর্তব্য। রামপাল বিদ্যুৎ প্রকল্প নির্মাণে পুর্নবিবেচনাসহ অন্যান্য বনগ্রাসী প্রকল্প ও অপতৎপরতা বন্ধের জন্য সুন্দরবন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি বলে আমরা মনে করি।
সুন্দরবন ধ্বংসের বহুবিধ পাঁয়তারা চলছে। বনের ‘গার্ড’ বাঘ শিকার, গাছ চুরি, শিল্প কারখানার জন্য বন পরিস্কার করে দখল ইত্যাদি। যে সুন্দরবন বাংলাদেশের মানুষের ব্যাপক জীবন ও সম্পদহানী থেকে রক্ষা করছে, সে রক্ষাকবচকেই ধ্বংস করতে আমাদের কতো আয়োজন! কতোটা আত্মঘাতী জাতি আমরা! আজকে যদি সুন্দরবন বুক পেতে না দিত। তাহলে হয়তো উত্তরাঞ্চলের ৭০% বাড়িঘর উড়ে যেত। সরকার ত্রাণ নিয়ে পৌঁছানোর রাস্তাও পেত না।
রামপাল বিদ্যুৎ প্রকল্প এবং তার অনুসরণে শতাধিক বাণিজ্যিক বনগ্রাসী-ভূমিগ্রাসী প্রকল্প ঘিরে ফেলেছে সুন্দরবন। উপকূলীয় অঞ্চলের পাঁচ কোটি মানুষের জীবনের নিরাপত্তা, বাঘ, হরিণ, মৌমাছি, ডলফিনসহ অসংখ্য প্রাণের বসতি। প্রাণবৈচিত্রের অতুলনীয় সম্ভার এই সুন্দরবনকে বিপুল মুনাফার লোভে গ্রাস করতে চায় দেশ-বিদেশের লুটেরা গোষ্ঠী। এদের কারণে বিশ্ব ঐতিহ্য, বাংলাদেশের প্রাকৃতিক সুরক্ষা প্রাচীর সুন্দরবন এখন মহাবিপদের মুখে। সুন্দরবন ও বঙ্গোপসাগর হচ্ছে অঢেল সম্পদের ভান্ডার। যেহেতু সুন্দরবন বাংলাদেশের অস্তিত্বের অংশ, সেহেতু বাংলাদেশের মানুষ কোনোভাবেই এর বিনাশ মেনে নিতে পারে না।
আমরা আশা করছি, সুন্দরবনবিনাশী সব অপতৎপরতা বন্ধ করতে হবে। সরকারকে যুক্তি-তথ্য, জনস্বার্থ, জলবায়ু পরিবর্তনে সৃষ্ট হুমকি মোকাবিলায় করণীয়, বর্তমান ও ভবিষ্যৎ, মানুষের স্বার্থ, দেশের অস্তিত্ব বিষয়ে গুরুত্ব দিতে হব।