দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম পাঁচপুকুরিয়া। যেখানে প্রায় ৮০ ভাগ আদিবাসী সাঁওতাল পরিবার। তারা ছিল বিদ্যুৎ সুবিধা বঞ্চিত। রোববার বিকেলে সাড়ে ৫টায় সেই গ্রামে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পার্বতীপুর জোনাল অফিসের উদ্যোগে উঠান বৈঠকের মাধ্যমে গ্রামের ২৭২ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ১০নং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. হাফিজুল ইসলাম প্রামানিক। এছাড়াও বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী মো: শামীম আক্তার, পার্বতীপুর আদর্শ কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সরদার, বঙ্গবন্ধু সরকারী হাইস্কুলের প্রধান শিক্ষক মোক্তারুল আলম, হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাসুদুর রহমান, আদিবাসী জয়িতা শান্তি কুজোসহ অন্যান্যরা।
দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোঃ মজিবুল হক জানান, ১ কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে ৬.৭৬ কিলোমিটার বৈদ্যুতিক লাইন নির্মাণ করে পাঁচপুকুরিয়া গ্রামের ২৭২ পরিবারে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে হরিরামপুর ইউনিয়ন শতভাগ বিদ্যুৎতায়ন সম্পন্ন হলো। তিনি আরও জানান, এখন 'আমার গ্রাম আমার শহর' প্রকল্পের আওতায় গ্রামে শিল্পায়ন করতে বিনামূল্যে ২ পোল পর্যন্ত লাইন নির্মাণসহ ট্রান্সফরমার দিয়ে শিল্প সংযোগ প্রদান করা হবে। তিনি নিরাপদ বিদ্যুৎ ব্যবহার করতে প্রয়োজনীয় বিষয়গুলো বৈঠকে অবহিত করেন।