চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল মারা গেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। বৃহস্পতিবার ভোরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদলের চাচাত ভাই মো. ইব্রাহিম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে মরহুমের মরদেহ দেশে আনা হবে।
বাংলাদেশ জাসদের কার্যকরি পরিষদের সভাপতি মঈন উদ্দীন খান বাদল গত বছর ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন।
সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃস্পতিবার পৃথক বার্তা তারা এ শোক জানান।
মঈন উদ্দীন খান বাদল চট্টগ্রাম-৮ আসনে তিন বারের মত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মরহুম মঈন উদ্দিন খান বাদল সংসদের বিভিন্ন কমিটিসহ বিভিন্ন ইস্যুতে গঠনমূলক মতামত দিয়ে সংসদ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
রাষ্ট্রপতি মরহুদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।