শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান ও ফাতিমা তুয যাহরা ঐশী। একক গানের পাশাপাশি চলচ্চিত্রে প্লেব্যাক করছেন তারা। এবার ‘সোনার চর’ সিনেমার গানে দ্বৈতভাবে কণ্ঠ দিলেন এই দুই তারকা শিল্পী। ‘প্রেমের কিচ্ছা’ শিরোনামে গানটির কথা লিখেছেন শাহাব উদ্দিন মজুমদার। সুর ও সংগীতায়োজন করেছেন আবিদ রনি। কয়েকদিন আগে এ গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঐশী। ‘সোনার চর’ সিনেমাটি নির্মাণ করছেন জাহিদ হোসেন। চলতি বছরের শুরুতে এ সিনেমার একটি গানে কণ্ঠ দেন কনা। এ গানের কথা লিখেন গাজী মাজহারুল আনোয়ার। সংগীতায়োজন করেন আবিদ রনি। সম্প্রতি ‘আগুন’ সিনেমার আইটেম গানে কণ্ঠ দিয়েছেন ঐশী। এতে তার সঙ্গে যৌথভাবে গেয়েছেন প্রতীক হাসান। গানটির কথা লিখেছেন সুদ্বীপ কুমার দ্বীপ। সংগীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানটিতে ঠোঁট মেলাবেন শাকিব খান ও জাহারা মিতু। ২০০২ সালে এনটিভিতে প্রচারিত ‘শাপলা কুড়ি’ অনুষ্ঠানে অংশ নেন ঐশী। এতে দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন তিনি। তারপর ঐশী প্রকাশ করেন প্রথম অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস’। দীর্ঘ চার বছর পর প্রকাশিত হতে যাচ্ছে ‘ঐশী এক্সপ্রেস ২’। তার অন্যান্য অ্যালবামগুলো হলোÑ‘মায়া’, ‘হাওয়া’, ‘চোখের বাড়ি’ ও ‘দেহবাজি’।