নগরীর আমানতগঞ্জ কশাই বাড়িপুল নামকস্থানে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে নিহত রুহুল আমিনের হত্যাকারী ঘাতক বন্ধু সুমনকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার এসি মোঃ রাসেল ও ওসি তদন্ত আসাদুজ্জামানসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী থেকে ঘাতক সুমনকে গ্রেফতার করেন।
কোতয়ালী মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে প্রকাশ্যে রুহুল আমিনকে ছুরিকাঘাত করার পর ঘাতক সুমন পালিয়ে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে (সুমন) পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত সুমনকে নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন অভিযানে থাকা পুলিশ কর্মকর্তারা।
সূত্রমতে, পাওনা টাকা নিয়ে বিরোধের জেরধরে রুহুল আমিনকে প্রকাশ্যে ধারালো চাক্কু দিয়ে কুপিয়ে হত্যা করে তারই বন্ধু সুমন। নিহত রুহুল আমিন ভোলা সদর উপজেলার দিঘলদী এলাকার মোহাম্মদ আলীর পুত্র। সে দীর্ঘদিন থেকে তার শ্বশুড় নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা শফিউল ইসলামের বাড়িতে থেকে নগরীর বাজার রোডের একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করতেন। ঘাতক সুমন আমনতগঞ্জ ইসলামিয়া কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা মকবুল হোসেনের পুত্র। সে পেশায় প্রাইভেটকার চালক। হত্যাকান্ড ঘটনার পর পরই সে এলাকা থেকে পালিয়ে যায়। হত্যাকান্ডের ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।